ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
বুধবার বার্মিংহামে তৃতীয় ম্যাচে খেলবে দুই দল।
লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৫ ওভার ৪ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক কুকের (১৮) সঙ্গে ৪০ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে জোনাথন ট্রটের (১৭) সঙ্গে ৪১ রানের আরেকটি ছোট কিন্তু কার্যকর জুটি গড়েন ইয়ান বেল।
তবে স্বাগতিকদের সহজ জয়ের ভিত গড়ে দেয় তৃতীয় উইকেটে বেল ও রবি বোপারার মধ্যকার ৯০ রানের জুটি। ৩৪তম ওভারে সপ্তম বোলার হিসেবে বল করতে এসে প্রথম বলেই বেলকে (৭৫) বোল্ড করে অতিথিদের আশা জাগিয়ে তুলেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক।
এক বল পরেই আগের ম্যাচের সেরা খেলোয়াড় ইয়ন মর্গানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। কিন্তু পর্যালোচনার সিদ্ধান্ত নিয়ে সে যাত্রায় বেঁচে যান মর্গান। শুধু বেঁচেই যাননি তিনি, চতুর্থ উইকেটে বোপারার (৮২) সঙ্গে ৭৯ রানের জুটি গড়ে দলকে নিয়ে আসেন জয়ের দোরগোড়ায়। বোপারার ৮৫ বলের ইনিংসে ৮টি চার।
দলীয় ২৫০ রানে বোপারা রান আউট হয়ে গেলেও দলকে জিতেয়েই মাঠ ছাড়েন মর্গান। ১৯৯৭ সালের পর ওভালে ইংল্যান্ডকে প্রথম জয় এনে দেয়া মর্গান অপরাজিত থাকেন ৪৩ রানে।
এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসনের ৬৬ রানের পরও ৩২তম ওভারের প্রথম বলে অস্ট্রেলিয়ার স্কোর ১২৮/৪। দুই অঙ্কের কোঠায় পৌঁছালেও ডেভিড ওয়ার্নার (১০), পিটার ফরেস্ট (১২) ও ক্লার্কের (১০) কেউই পৌঁছাতে পারেন নি বিশের ঘরে।
রান আউট হওয়ার আগে পঞ্চম উইকেটে জর্জ বেইলির সঙ্গে ১৩ ওভারে ৭৮ রানের কার্যকরী জুটি গড়েন ডেভিড হাসি (২৯)। প্রথম ৬০ বলে কেবল ২৬ রান করা বেইলি শেষের দিকে আক্রমণাত্মক হয়ে উঠলে এ সময় রানের গতি কিছুটা বাড়ে অতিথিদের।
শেষ পর্যন্ত ৮৬ বলে ৭টি চারের সাহায্যে ৬৫ রান করেন বেইলি। এছাড়া ব্রেট লির অপরাজিত ২০ রানের সুবাদে আড়াইশ পেরোয় অস্ট্রেলিয়া।
৫০ রানে ২ উইকেট নিয়ে টিম ব্রেসনান ইংল্যান্ডের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১১ ঘ.
bdnews24