ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাইরন পোলার্ড ও ক্রিস গেইলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে খুব সহজেই ৫৬ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। রোববার দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দল দুটি।
ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২০৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮ ওভার ৩ বলে ১৫৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ রানে মার্টিন গাপটিলের (১১) বিদায়ের পরও শুরুটা ভালোই হয়েছিল নিউজিল্যান্ডের। দলীয় ৫১ রানে অধিনায়ক রস টেলর আহত হয়ে মাঠ ছাড়লে বড় একটা ধাক্কা খায় নিউজিল্যান্ড। পরে আর মাঠেই নামতে পারেন নি তিনি। এর আগে বল করার সময় আঘাত পেয়ে মাঠ ছাড়েন রুনি হিরা। তিনিও ব্যাট করেননি।
টেলর মাঠ ছাড়ার পর কখনোই জেতার সম্ভাবনা জাগাতে পারেনি নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় দলটি।
সর্বোচ্চ ৩২ রান আসে রব নিকোলের ব্যাট থেকে। এছাড়া জ্যাকব ওরাম ২৭ ও টিম সাউদি ২৩ রান করেন।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে সুনীল নারায়ণ ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
এর আগে ২৭ রানে ডোয়াইন স্মিথের (১৭) বিদায়ে শুরুটা খুব একটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দ্বিতীয় উইকেটে জনসন চার্লসের (২৪) সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন গেইল।
তৃতীয় উইকেটে ৬ ওভার ৫ বলে গেইল ও পোলার্ডের ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটি ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ এনে দেয়। ৮৫ রানে অপরাজিত থাকা গেইলের ৫২ বলের ইনিংসে ৭টি চার ও ৫টি ছক্কা।
ওয়েস্ট ইন্ডিজের দুশ পেরুনোর পেছনে মূল অবদান পোলার্ডের। ২৯ বলে ৫টি করে চার ও ছক্কার সাহায্যে ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯৩৫ ঘ.
bdnews24