২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবু আশা ছাড়েননি বিসিবি সভাপতি

আগামী অক্টোবরে আইসিসির সহ-সভাপতির দায়িত্ব পাওয়ার ব্যাপারে এখনও আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার অ্যালান আইজাক সভাপতির দায়িত্ব নিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহ-সভাপতির পদে এখন কেউ নেই। তবে আগামী অক্টোবরে আইসিসির সহ-সভাপতির দায়িত্ব পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার শেষ হওয়া বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চেয়ারম্যানের পদ সৃষ্টি, সহ-সভাপতি পদ বিলুপ্তি, সভাপতির ক্ষমতায় পরিবর্তনসহ গঠনতন্ত্রে বেশ কিছু সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এসব সংশোধনী ২০১৪ সালের এজিএমের পর কার্যকর হবে। পর্যায়ক্রমিক পদ্ধতি অনুযায়ী এবার সহ-সভাপতি পদে বাংলাদেশ ও পাকিস্তানের প্রার্থীতা দেয়ার কথা ছিল। তবে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দেয়ার ঘোষণা দেয়ায় মুস্তফা কামালের দায়িত্ব পাওয়া সময়ের ব্যাপারেই পরিণত হয়েছিলো। কিন্তু তার আশা পূরণ হয়নি। তবু হতাশ নন বিসিবি সভাপতি। বরং অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নতুন কমিটির প্রথম সভায় আইসিসির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার ব্যাপারে তিনি আশাবাদী। শেষ পর্যন্ত এই দায়িত্ব পেলে পরিবর্তিত কাঠামোয় নিশ্চিতভাবেই সভাপতির দায়িত্বও পেয়ে যাবেন মুস্তফা কামাল। কুয়ালালামপুরে ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকাকে তিনি বলেন, “কয়েক মাসের মধ্যে আইসিসি সহ-সভাপতির দায়িত্ব নেয়ার ব্যাপারে আমি আশাবাদী.....পদটি ২০১৪ সালেই বিলুপ্ত হবে, এর আগে নয়।” আইসিসির একজন প্রভাবশালী সদস্য বিসিবি সভাপতিকে ‘নিশ্চিত’ করেছেন, কোনো কিছুই তার দায়িত্ব নেয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে না। মুস্তফা কামাল অবশ্য কোনো কিছুই নিশ্চিত বলে ধরে নিচ্ছেন না। নজিরবিহীনভাবে নির্বাহী বোর্ডের অন্য সদস্যদের কী সুবিধা হবে তা ‘উপস্থাপন’ করতে বলা হয়েছে তাকে। আইজাকের পরবর্তী সভাপতির পদ হবে আলঙ্কারিক এবং এক বছরের জন্য দায়িত্ব পাবেন তিনি। অন্য দিকে চেয়ারম্যান দায়িত্ব পাবেন দুই বছরের জন্য। সেই সঙ্গে তিনি আইসিসির বাণিজ্যিক সংস্থা আইডিএল লিমিটেডেরও প্রধান হবেন। আইসিসির বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান পদ ‘সৃষ্টি’র কথা বলা হয়েছে। ১৯৯৭ সাল পর্যন্ত চেয়ারম্যানই আইসিসির প্রধান পদ ছিল। এদিকে আইসিসির এজিএমে পিসিবি সভাপতি জাকা আশরাফকে মুস্তফা কামাল আবারো জানিয়েছেন, বাংলাদেশ পাকিস্তান সফরে এখনো আগ্রহী। হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি না করলে এপ্রিলের সফরটি হওয়া নিশ্চিত ছিল বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। এ প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, “আদালতে মামলাটি ঝুলে আছে। আশা করি দুই সপ্তাহের মধ্যে শুনানির মাধ্যমে এর সমাধান হবে। আদালতে মামলাটির নিষ্পত্তি হয়ে গেলে পাকিস্তান সফরে আর কোনো বাধা থাকবে না। এরপরই দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে যত দ্রুত সম্ভব সফরের সময় সূচী ঠিক করা যাবে। আমরা এখনো পাকিস্তান সফরের ব্যাপারে আগ্রহী।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৮ঘ.