ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসির অষ্টম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নিউজিল্যান্ডের অ্যালান আইজাক। অন্যদিকে পর্যায়ক্রমিক পদ্ধতি ও সহ-সভাপতির পদ বিলুপ্ত করায় আইসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালকে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এজিএমের শেষ দিনে ভারতের শারদ পাওয়ারের কাছ থেকে সভাপতির দায়িত্ব বুঝে নিয়েছেন সহ-সভাপতি আইজাক। পর্যায়ক্রমিক পদ্ধতি অনুযায়ী এবার সহ-সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের।
তবে পাকিস্তান সরাসরি বাংলাদেশকে সমর্থন দেয়ায় বিসিবি সভাপতির আইসিসি সহ-সভাপতির দায়িত্ব পাওয়া প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়ায় মুস্তফা কামালের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে হারুন লরগাতের স্থলাভিষিক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ডেভিড রিচার্ডসন।
সভার শেষ দিনে বাড়ানো হয়েছে সদস্য সংখ্যাও। রাশিয়া ও হাঙ্গেরি যোগ দেয়ায় আইসিসির মোট সদস্য এখন ১০৬।
আইসিসির প্রশাসনিক পরিবর্তন কার্যকর হবে ২০১৪ সাল থেকে। এজিএমে সেজন্য গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনী আনার সম্মতি দেয়া হয়েছে।
দুই বছর পর নতুন প্রশাসনিক কাঠামো কার্যকরের পদক্ষেপ জন্ম দিয়েছে বিতর্কের। আগামী অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নির্বাহী কমিটির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। বিসিবি সভাপতি আইসিসি সহ-সভাপতি হিসেবে তার প্রার্থীতা বিবেচনা করার জন্য আগামী দুই বছরের একটি পরিকল্পনা দিয়েছেন।
আইজাকের মেয়াদ শেষে আইসিসি সভাপতি পদটি হবে আলঙ্কারিক। সভাপতি চাইলে কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত থাকতে পারবেন, কিন্তু ভোট দেয়ার ক্ষমতা থাকবে না তার।
নতুন সৃষ্ট চেয়ারম্যান পদের জন্য ভারতের এন. শ্রীনিবাসন ও ইংল্যান্ডের জাইলন ক্লার্কের নাম শোনা যাচ্ছে। চেয়ারম্যানের দায়িত্বের মেয়াদ হবে দুই বছর। শর্তও রয়েছে একটি। স্বদেশের বোর্ড সভাপতির দায়িত্ব ও চেয়ারম্যানের দায়িত্ব এক সঙ্গে পালন করা যাবে না।
ভারতীয় বোর্ডের প্রধান হিসেবে শ্রীনিবাসনের দায়িত্ব শেষ হবে ২০১৪ সালের সেপ্টেম্বরে। আর ক্লার্ক ইসিবির দায়িত্বে থাকবেন ২০১৫ সাল পর্যন্ত। চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হওয়ার জন্য ২০১৪ সালের জুনের আগেই স্বদেশের বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হবে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২২ঘ.
bdnews24