ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম সেমিফাইনালে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলকে খুব সহজেই ১৫১ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
কুয়ালালামপুরের কিন্নারা অ্যাকাডেমি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৯৬ রান করে পাকিস্তান। জবাবে ৪০ ওভার ৫ বলে ১৪৫ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো আফগানিস্তান কখনোই জেতার মতোর অবস্থানে যেতে পারেনি। সর্বোচ্চ ৪১ রান আসে মুহিবুল্লাহ পাকের ব্যাট থেকে। এছাড়া আর কেউ বিশের কোঠায়ই পৌঁছাতে পারেন নি।
৪৪ রানে ৪ উইকেট নিয়ে আজিজুল্লাহ পাকিস্তানের সেরা বোলার।
এর আগে বাবর আজমের (৩৩) সঙ্গে ৬৯ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে ইমাম-উল-হকের সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন সামি আসলাম (৭৭)।
তৃতীয় উইকেটে ওমর ওয়াহিদের সঙ্গে ৭১ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন ইমাম (৬৯)। চতুর্থ উইকেটে মোহাম্মদ নেওয়াজের (৩০) সঙ্গে ওয়াহিদের ৮০ রানের অবিচ্ছিন্ন জুটির সুবাদে তিনশর কাছাকাছি স্কোর গড়ে পাকিস্তান। ওয়াহিদ অপরাজিত থাকেন ৭৭ রানে।
শুক্রবার একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে শ্রীলঙ্কা ও ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮১৩ ঘ.
bdnews24