২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ছয় ক্রিকেটারকে রাজস্ব বোর্ডের নোটিশ

আয়কর জমা দেয়ার ব্যাপারে অনিয়মের কারণে পাকিস্তানের ছয় জন তারকা ক্রিকেটারকে সতর্ক করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় রাজস্ব বোর্ড (এফবিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 05:54 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়কর জমা দেয়ার ব্যাপারে অনিয়মের কারণে পাকিস্তানের ছয় জন তারকা ক্রিকেটারকে সতর্ক করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় রাজস্ব বোর্ড (এফবিআর)। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল-হক, টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ এবং আজহার আলী, তৌফিক উমর, উমর আকমল ও ওয়াহাব রিয়াজকে এ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে এফবিআর। এফবিআর মুখপাত্র রিফাত শাহীন বলেন, “আয়কর বিবরণীতে সঠিক তথ্য না দেয়া বা আয়কর রিটার্নের ঘর পূরণ না করা ছয় ক্রিকেটারকে ৩০ দিনের সময়-সীমা বেঁধে দিয়ে আমরা নোটিশ পাঠিয়েছি।” এফবিআর জানিয়েছে, ওয়াহাবের কোনো জাতীয় আয়কর নম্বর নেই। হাফিজ, উমর আকমল ও তৌফিক উমর ২০১০-১১ অর্থ বছরের আয়কর জমা দেননি। মিসবাহ শুধু ২০১০ সালের আয়কর বিবরণী জমা দিয়েছেন। আর আজহার আলী তার আয়ের পূর্ণ বিবরণ প্রকাশ করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৫৩ঘ.