ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টেস্টে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের পর আম্পায়ারদের সিদ্ধান্ত পর্র্যালোচনা পদ্ধতি বা ডিআরএস বাধ্যতামূলক করার দাবি করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। যদিও ভারত এখনও ডিআরএস ব্যবহারের ঘোর বিরোধী।
সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আইসিসির প্রধান নির্বাহী কমিটির সভায় ডিআরএস বাধ্যতামূলক করার পরামর্শ দেয়া হয়।
ডিআরএস ব্যবহারের পক্ষে যুক্তি তুলে ধরে শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেন, “আমি ডিআরএসে মুগ্ধ। এটা হয়তো শতভাগ কার্যকর প্রযুক্তি নয়। তবে সর্বোচ্চ সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য এটা ব্যবহার করা হলে আম্পায়ারদেরও তা দারুণ সাহায্য করবে।”
গলে শ্রীলঙ্কা-পাকিস্তান প্রথম টেস্টে অন্তত ১২টি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন দুই আম্পায়ার স্টিভ ডেভিস ও ইয়ান গোল্ড। অত্যধিক খরচের কারণে এই সিরিজে ডিআরএস রাখা হয়নি।
মিসবাহ-উল-হকের অনুপস্থিতিতে গলে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া মোহাম্মদ হাফিজও ডিআরএসের পক্ষে। তিনি বলেন, “আমি শুধু একটা কথাই বলতে চাই। ক্রিকেটের সর্বোচ্চ নীতি নির্ধারকদের ডিআরএসের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। প্রত্যেক ম্যাচেই এটা বাধ্যতামূলক করা উচিত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪২ঘ.
bdnews24