ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের চেন্নাইয়ে অবস্থিত এমআরএফ পেস ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ফাস্ট বোলার ডেনিস লিলি।
পেসারদের এই অ্যাকাডেমির সঙ্গে ২৫ বছরের সম্পর্ক ছিন্ন করা প্রসঙ্গে ভারতের ‘ডেকান ক্রনিকল’ পত্রিকাকে তিনি বলেন, “সিদ্ধান্তটা মোটেও সহজ ছিলো না। তারপরও এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কারণ আমি আর ভ্রমণ করতে চাই না।”
“দীর্ঘ দিনের জন্য পরিবার থেকে দূরে না থাকার সিদ্ধান্ত নিয়েছি আমি,” যোগ করেন ৭০ টেস্টে ৩৫৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার অনেক জয়ের নায়ক।
লিলির পরিচর্যায় এমআরএফ পেস ফাউন্ডেশনেে ক জহির খান, জাভাগল শ্রীনা, ভেঙ্কটেশ প্রসাদদের মতো পেসারদের পেয়েছে ভারত।
তবু বিদায় বেলায় কোনো-কোনো শিষ্য সম্পর্কে তিনি হতাশা লুকিয়ে রাখতে পারেননি। তাদের মধ্যে সর্বাগ্রে মুনাফ প্যাটেল ও শান্তকুমারন শ্রীশান্ত।
এই দুজন সম্পর্কে লিলি বলেন, “আমার কাছে মুনাফ প্যাটেল এক হতাশার নাম। তার বলে প্রকৃতিদত্ত গতি ছিলো। কিন্তু কেউ একজন গতি কমাতে বলে তাকে ভুল পথে পরিচালিত করেছে। আর প্রতিভার ঝলক দেখালেও শ্রীশান্ত শেষ পর্যন্ত হতাশই করেছে আমাকে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১৪ঘ.
bdnews24