২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজের অনুশীলন শুরু

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার লক্ষ্যে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) অনুশীলন শুরু করেছেন যুবরাজ সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার লক্ষ্যে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) অনুশীলন শুরু করেছেন যুবরাজ সিং। যদিও ক্যান্সারের চিকিৎসা শেষে প্রায় সুস্থ হয়ে ওঠা ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক জানিয়েছেন, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য কোনো রকম তাড়াহুড়া করতে রাজি নন তিনি। যুবরাজ বলেন, “এখন থেকে বেশ কিছু দিন আমি এনসিএতেই থাকবো। আমি মাঠে ফিরতে চাই এবং ভারতের হয়ে খেলতে চাই। এটাই আমার লক্ষ্য। তবে আমার শরীরের জন্য কাজটা সহজ হবে না। আমাকে অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে আর আমার শরীরকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে।” “মানুষ আমার দ্রুত ফেরার আশা করছে। কিন্তু আমি তাড়াহুড়া করতে চাই না। আমি সময় নিতে চাই এবং শতভাগ সুস্থ হয়েই ফিরতে চাই,” যোগ করেন গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়। গত বছর ফুসফুসে টিউমার ধরা পড়ে যুবরাজের। মার্চের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতাল থেকে শেষ পর্বের কোমোথেরাপি নেন তিনি। বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে যুবরাজ বলেন, “আমি এখন ভালো বোধ করছি। ধীরে-ধীরে আমার শরীরে শক্তি ফিরে আসছে। আমার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। আশা করি তার আগেই নিজেকে প্রস্তুত করতে পারবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪০ঘ.