ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানোয় জড়িত থাকার দায়ে পাকিস্তানের লেগ স্পিনার দানিশ কানেরিয়াকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আজীবন নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কানেরিয়ার এই শাস্তিতে পাকিস্তানের কয়েক জন সাবেক ক্রিকেটার ভীষণ হতাশ। ।
পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল বলেন, “এই সিদ্ধান্তে আমি হতাশ ঠিকই, কিন্তু স্তম্ভিত নই। এ ধরনের ঘটনায় আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। তবে ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি এড়ানোর জন্য ব্যাপারটা গুরুত্বের সঙ্গে চিন্তা-ভাবনা করার সময় এসেছে।”
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার সরফরাজ নওয়াজ অবশ্য আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি মেনে নিতে পারছেন না।
তিনি বলেন, “আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি কঠোর হয়েছে। শাস্তিটা দুই থেকে সর্বোচ্চ পাঁচ বছর হওয়া উচিত ছিলো। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য সা¤প্রতিক ঘটনাটি আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।”
ম্যাচ পাতানোর দায়ে আজীবন নিষিদ্ধ হওয়া তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার কানেরিয়া। এর আগে ২০০০ সালে এই অপরাধের সঙ্গে জড়িত থাকায় পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিক ও পেসার আতাউর রেহমান আন্তর্জাতিক ক্রিকেটে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২০ঘ.
bdnews24