ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্র“পের নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪৩ রানে হেরে গেছে বাংলাদেশ। বিফলে গেছে লেগ স্পিনার নুর হোসেনের হ্যাটট্রিক।
গ্র“পের অন্য খেলায় কাতার অনূর্ধ্ব-১৯ দলকে ১৯১ রানে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ‘এ’ গ্র“পের খেলায় ভারতকে ১ রানে হারিয়েছে পাকিস্তান। গ্র“পের অন্য খেলায় স্বাগতিক মালয়শিয়াকে ১০৭ রানে হারিয়েছে নেপাল।
মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে গ্র“প পর্বের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ।
কুয়ালালামপুরের বেয়ুমাস ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ২ বলে ১৮৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ৩৮ ওভারে ১৪০ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকারের ২৪ রানের পরও ৮৫ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। নবম উইকেটে দেওয়ান সাব্বিরের সঙ্গে মোসাদ্দেক হোসেনের (৪৭) ৫৫ রানের জুটি বাংলাদেশের আশা জাগিয়ে রাখে।
দলীয় ১৪০ রানে মোসাদ্দেকের বিদায়ের পর একই স্কোরেই শেষ উইকেটটি হারায় বাংলাদেশ। ২৯ রানে অপরাজিত থাকেন সাব্বির।
৩৭ রানে ৪ উইকেট নেন আমিরা অপনসো।
এর আগে ব্যাট করতে নেমে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। চতুর্থ উইকেটে সেবাস্টিয়ান পেরেরার (৪৭) সঙ্গে সান্দুন বীরাক্কডির (৬৯) ৯০ রানের জুটি এ ধাক্কা সামাল দেয়।
এক পর্যায়ে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ১৬০/৪। সেখান ২৩ রানেই শেষ ৬ উইকেট হারায় তারা। ৪৩তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে তিন ব্যাটসম্যানকে বিদায় করে হ্যাটট্রিক করে শ্রীলঙ্কাকে সবচেয়ে ধাক্কাটি দেন নুর। ১৮৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
৩৪ রানে ৪ উইকেট নিয়ে সহ-অধিনায়ক নুরই বাংলাদেশের সেরা বোলার।
গ্র“পে নিজেদের প্রথম ম্যাচে সৌম্য সরকারের দ্বিশতক আর আবু হায়দারের ৯ উইকেটের সুবাদে কাতার অনূর্ধ্ব-১৯ দলকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৬১১ ঘ.
bdnews24