ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোয় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ী হওয়ায় খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ক্রিকেট দলের আরো সাফল্য কামনা করেছেন।
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ফাইনালের স্বপ্ন বেঁচে থাকল টাইগারদের।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৯ ওভার ৫ বলে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় মুশফীকুর রহিমের দল।
চার খেলা শেষে ৮ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে থাকলেও রানরেটে বেশ পিছিয়ে বাংলাদেশ (-০.২৯৩)।
তিন খেলায় ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিম্বাবুয়ে (+০.২৭৯)। সমান খেলায় ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে দক্ষিণ অফ্রিকা (+০.১১১)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১০০ ঘ.
bdnews24