ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের ‘অগ্রগতি ও ভারসাম্য’ নষ্ট করায় উত্তরসূরী ডেভ হোয়াটমোরের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক কোচ মহসিন খান। পাকিস্তানের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যানের বিশ্বাস, তিনি কোচের দায়িত্বে বহাল থাকলে অনেক ভালো করতে পারতো মিসবাহ-উল হকের দল।
পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকাকে মহসিন বলেন, “দলের অগ্রগতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্সে আমি ব্যথিত। তার (হোয়াটমোরের) ভুল নির্বাচন আর সিদ্ধান্তে দলের ভারসাম্য ও সমন্বয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
“আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমি বহাল থাকলে দল আরো ভালো করতো। কারণ আমি খেলোয়াড়দের চিনি। তাদের ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না,” যোগ করেন তিনি।
স্বল্প সময়ের জন্য কোচের দায়িত্ব পাওয়া মহসিনের অধীনে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিলো পাকিস্তান। তারপরও তার বদলে হোয়াটমোরকে কোচের দায়িত্ব দেয় পিসিবি।
তবে মহসিন বিদেশি কোচের বিরুদ্ধে। এ প্রসঙ্গে তিনি বলেন, “পাকিস্তানে কখনোই কোনো বিদেশি কোচ ঠিক মতো দায়িত্ব পালন করেননি। রিচার্ড পাইবাস আর হোয়াটমোরই তার উদাহরণ। স্বদেশের কোচের অধীনেই আমরা ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ আর ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১১ঘ.
bdnews24