ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার থেকে গলে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা-পাকিস্তান প্রথম টেস্ট। শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ধারণা, দুই স্পিনার সাঈদ আজমল ও রঙ্গনা হেরাথের সাফল্যের ওপরেই নির্ভর করছে তিন ম্যাচের সিরিজটির ভাগ্য।
এ প্রসঙ্গে জয়াবর্ধনে বলেন, “এটা দু দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। এবং তিন টেস্টেই রঙ্গনা (হেরাথ) ও সাঈদ (আজমল) বড় ভূমিকা পালন করবেন।”
গলে বাঁহাতি স্পিনার হেরাথের ভালোই সাফল্য। এখানে ছয় টেস্টে ২৩.৫০ গড়ে ৩০ উইকেট নিয়েছেন তিনি। গত মার্চে তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের (১৭১ রানে ১২ উইকেট) জন্মও গলেই। হেরাথের নৈপুণ্যেই ঐ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিলো শ্রীলঙ্কা।
তবে শ্রীলঙ্কার জন্য দুশ্চিন্তার কথা, দুই বছর আগে মুত্তিয়া মুরালিধরনের অবসরের পর থেকে টেস্ট ক্রিকেটে তাদের বিস্ময় জাগানো ব্যর্থতা। টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ উইকেটের মালিক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ছয়টি টেস্ট সিরিজ খেলে চারটিতেই হেরেছে শ্রীলঙ্কানরা, বাকি দুটি ড্র।
অন্যদিকে টেস্টে পাকিস্তানের সা¤প্রতিক সাফল্য দুর্দান্ত। গত ওয়ানডে বিশ্বকাপের পর চারটি টেস্ট সিরিজ জিতেছে তারা। যার মধ্যে আছে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে ৩-০তে গুঁড়িয়ে দেয়া।
যদিও প্রথম টেস্টের আগে একটা দুঃসংবাদ সইতে হচ্ছে পাকিস্তানকে। পঞ্চম ও শেষ ওয়ানডেতে ধীর গতির ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়া মিসবাহ-উল হক গলে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন মোহাম্মদ হাফিজ।
প্রথম বারের মতো টেস্টে নেতৃত্ব দিতে যাওয়া হাফিজ অবশ্য সাফল্যের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, “গত এক/দেড় বছরে পাকিস্তান অনেক ভালো খেলেছে। প্রত্যেকেই নিজ-নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করছে, বিশেষ করে টেস্টে। ইংল্যান্ডের বিপক্ষে আমরা দারুণ একটা সিরিজ খেলেছি। এই আত্মবিশ্বাস অবশ্যই আমাদের সাহায্য করবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২০ঘ.
bdnews24