ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটিং বীরত্বে পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৭ রান করে পাকিস্তান। জবাবে ৪৯ ওভার ৪ বলে ৮ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় উইকেটে কুমার সাঙ্গাকারা (৪০) ও দীনেশ চান্দিমালের (৫৪) ৭৮ রানের জুটির পরও ১৩৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।
সেখান থেকে দলকে প্রায় একাই জয় এনে দেন ম্যাথুস। মোহাম্মদ সামির করা শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। ৪ বলেই ঐ রান তুলে নেন ম্যাথুস। শেষ পর্যন্ত ৮০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৭৬ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা।
এর আগে ইমরান ফারহাতের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাকিস্তানের শুরুটা ভালো হয়। দলীয় ৮২ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে তিনি করেন ৫৬ রান। তার ৬৩ বলের ইনিংসে ৯টি চার।
এরপর ওমর আকমলের আরেক অর্ধশতকের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৬১ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২৪৭/৭ (ইমরান ৫৬, হাফিজ ৬, আজহার ৩০, আসাদ ৩৮, মিসবাহ ৩২, আকমল ৫৫*, আফ্রিদি ৯, সোহেল ১১, গুল ২*; মেন্ডিস ২/৩০, কুলাসেকারা ২/৫৩, মালিঙ্গা ১/৫২, পেরেরা ১/৫৪)
শ্রীলঙ্কা: ২৪৮/৮ (থারাঙ্গা ২, দিলশান ১০, কুলাসেকারা ৪০, চান্দিমাল ৫৪, জয়াবর্ধনে ০, ম্যাথিউস ৮০*, পেরেরা ০, থিরিমান্নে ১১, মেন্ডিস ১৯, কুলাসেকারা ১০*; সোহেল ৩/৪২, আফ্রিদি ২/৪৮, হাফিজ ১/৩০)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৩১ ঘ.
bdnews24