২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়াক্ষেত্রে সব সুবিধা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে সব ধরনের সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে সব ধরনের সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার জাতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। সীমিত ওভারের আন্তর্জাতিক খেলার ছাড়পত্র পাওয়ার পর নারী ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিরনার সঙ্গে দেখা করতে যান। প্রধানমন্ত্রী বলেন, “সরকারের দায়িত্ব খেলাধুলার জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করা এবং আমরা তা করে যাচ্ছি। দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা অব্যাহত রাখবে।” আন্তর্জাতিক ক্রিকেট স্ট্যাটাস পাওয়ায় প্রধানমন্ত্রী নারী ক্রিকেট দলের সদস্য ও কর্মকর্তাদের প্রত্যেককে এক লাখ টাকার চেক দেন। প্রধানমন্ত্রী দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের মেয়েরাও ক্রিকেটে এগিয়ে যাচ্ছে। মহিলা ক্রিকেট দলই প্রমাণ করেছে- মেয়েরা আর পিছিয়ে নেই। একটু সুযোগ পেলেই তারা এগিয়ে আসবে।” বাংলাদেশের টেস্ট ক্রিকেট স্ট্যাটাস পাওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “প্রমাণ হয়ে গেছে- আমরা খেলায় যোগ্যতা রাখি। একদিন ওয়ার্ল্ড কাপ জিতব,সে বিশ্বাস আমার আছে।” মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন, সহ অধিনায়ক শুকতারা রহমান, সুলতানা ইয়াসমিন বৈশাখী, রুমানা আহমেদ, আশেয়া আক্তার, লতা মন্ডল, পান্না ঘোষ, চামেলী খাতুন, খাদিজাতুন কবুরা, জাহানারা আলম, সামীরা জাকির জেসি, শারমিন আক্তার মুক্তা, ফারজানা হক পিংকি ও সানজিদা ইসলাম ময়না এবং মহিলা ক্রিকেট দলের ম্যানেজার দীপু রায় চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ফিজিও থেরাপিস্ট সুরাইয়া আখতার ও সমন্বয়ক পারভীন নাসিমা পুতুল প্রধানমন্ত্রীর হাত থেকে চেক গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামাল, বিসিবি কর্মকর্তা দেওয়ান শফিউল আরেফিন টুটুল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রেসসচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৬২৯ ঘ.