ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় সোয়া এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। ‘নির্বাসন’ শেষে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন সদ্য। ইংল্যান্ডের বিপক্ষে শনিবার থেকে থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবার দৃষ্টিও ক্রিস গেইলের দিকে।
তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেলেও ওয়ানডে সিরিজে লড়াইয়ের প্রতিশ্র“তি দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসন। বলাই বাহুল্য, তার আত্মবিশ্বাসের উৎস এই সময়ের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান গেইল।
গিবসন বলেন, “সফরের শুরুতেই আমি বলেছিলাম ওয়ানডে সিরিজে আমাদের সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এখনো আমি তা বিশ্বাস করি।”
“ওয়ানডেতে গেইল বিশ্বসেরা ব্যাটসম্যান। সে দলের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছে নিজেকে। এখন সে নিজের সেরা খেলাটা খেলতে উদগ্রীব,” যোগ করেন তিনি।
ওয়ানডেতে গেইলের সাফল্য এক কথায় দুর্দান্ত। ২২৮ ওয়ানডেতে ১৯টি শতকসহ ৩৯.০৬ গড়ে ৮৩.৯৫ স্ট্রাইক রেটে ৮,০৮৭ রান করেছেন তিনি।
বুধবার মিডলসেক্সের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে কিছুটা øায়ুর চাপে ভুগছিলেন বলে জানিয়েছেন গেইল। ইংল্যান্ডের জন্য এটা স্বস্তিকর হলেও তার পরের কথাটি উৎকণ্ঠা বহুগুণ বাড়িয়ে দিতে পারে স্বাগতিকদের। গেইল জানান, “আমিও মানুষ আর সেজন্য একটু øায়ুর চাপে ভুগছিলাম। কিন্তু এখন আমি প্রথম ওয়ানডের দিকে অধীর আগ্রহে তাকিয়ে।”
তবে শুধু গেইল একা নয়, তিন অলরাউন্ডার ডোয়াইন স্মিথ, কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেলের প্রত্যাবর্তনও অতিথিদের দারুণ অনুপ্রাণিত করবে।
অন্যদিকে কেভিন পিটারসেনের আকস্মিক অবসরের সিদ্ধান্ত বিশাল ধাক্কা দিয়েছে ইংল্যান্ডকে। তার বিকল্প হিসেবে ইয়ান বেলের কথা ভাবছিলো স্বাগতিকরা। কিন্তু অনুশীলনের সময় চিবুকে আঘাত পাওয়ায় প্রথম ওয়ানডেতে বেলের খেলা অনিশ্চিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০২ঘ.
bdnews24