ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়েতে এক দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলল বাংলাদেশ। দুটিতেই জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের কাছ হেরেছে অতিথিরা।
দ্বিতীয় ম্যাচে ১৯ রানে আর সকালের ম্যাচে ৩ উইকেটে হেরেছে মুশফিকুর রহিমের দল।
শুক্রবার হারারের কান্ট্রি ক্লাবে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজা শতকের সুবাদে ৫ উইকেটে ১৭৫ রান করে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ। জবাবে ৭ উইকেটে ১৫৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলেননি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও পেসার মাশরাফি বিন মর্তুজা।
লক্ষ্য তাড়া করতে নেমে জুনায়েদ সিদ্দিক (১১), মোহাম্মদ আশরাফুল (১৩) ও আনামুল হক (১৩) দুই অঙ্কের কোঠায় পৌঁছালেও ৩৯ রানেই ৩ উইকেট হারায় অতিথিরা। দ্বিতীয় ম্যাচেও নাসির হোসেন (৮) ব্যর্থ হলে দলের বিপদ আরো বাড়ে।
পঞ্চম উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের (৪৯) সঙ্গে জহুরুল ইসলামের ৯১ রানের জুটি ধাক্কা সামলে খেলায় ফেরায় বাংলাদেশকে। ১৮ তম ওভারে বল করতে এসেছে খেলার মোড় ঘুরিয়ে দেন সিঙ্গি মাসাকাদজা।
ঐ ওভারের প্রথম বলে মুশফিককে বিদায় করে দিয়ে সবচেয়ে বড় ধাক্কাটা দেন তিনি। চতুর্থ বলে ক্যাচ দিয়ে আউট হয়ে জিয়াউর রহমান (০) দলের বিপদ আরো বাড়ান। এ নিয়ে দুই ম্যাচেই রানের খাতা খোলার আগে সাজঘরের পথ ধরলেন তিনি। আর ষষ্ঠ বলে রান আউট হয়ে বিদায় নেন ফরহাদ রেজা (১)।
শেষ পর্যন্ত জহুরুলের অপরাজিত ৪৯ রানের সুবাদে দেড়শ পেরোয় বাংলাদেশ।
স্বাগতিকদের পক্ষে সিঙ্গি মাসাকাদজা ও কেগান মেথ দুটি করে উইকেট নেন।
এর আগে ভুসি সিবান্দার (২৬) সঙ্গে উদ্বোধনী জুটিতে ৭৯ ও দ্বিতীয় উইকেটে স্টুয়ার্ট মাতসিকেনিয়ারির (১৮) সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন হ্যামিল্টন (১০২)। হ্যামিল্টনের ৬০ বলের ইনিংসে ৬টি চার ও ৫টি ছক্কা।
৪১ রানে ২ উইকেট নিয়ে নাজমুল হোসেন বাংলাদেশের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/২১১৭ ঘ.
bdnews24