ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জালিয়াতির দায়ে ১১০ বছরের কারাদণ্ড হয়েছে টেক্সাসের পুঁজিপতি অ্যালেন স্ট্যানফোর্ডের। জালিয়াতির মাধ্যমে উদ্যোক্তাদের ৭০০ কোটিরও বেশি ডলার হাতিয়ে নিয়েছিলেন তিনি। অর্থের জোরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে সখ্যও গড়ে তুলেছিলেন।
গত মার্চে তার বিরুদ্ধে ওঠা ১৪টি অভিযোগের ১৩টিই প্রমাণিত হয়।
২০০৮ সালের ১১ জুন স্ট্যানফোর্ড ঘোষণা করেন, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ৫টি টি-টোয়েন্টি সিরিজে ১০ কোটি ডলার বিনিয়োগ করবেন তিনি। সে বছরই অ্যান্টিগায় একটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ইংল্যান্ড ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ঐ ম্যাচের বিজয়ীরা পুরস্কার হিসেবে পেয়েছিলো ২ কোটি ডলার!
তবে স্ট্যানফোর্ডের এই ‘আর্থিক সাম্রাজ্য’ ধসে পড়তে বেশি সময় নেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের এক তদন্তে তার জারিজুরি ফাঁস হয়ে যায়। ২০০৯ সালের জুনে গ্রেফতার হওয়ার পর তিনি আর জামিন পাননি।
মামলা চলার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী স্ট্যানফোর্ডের ২৩০ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন। অন্যদিকে তার আইনজীবী ৪৪ মাসের উদার সাজার আবেদন জানিয়েছিলেন। শেষমেশ শাস্তির মেয়াদ দাঁড়ায় ১১০ বছর।
ইসিবির সঙ্গে স্ট্যানফোর্ডের সখ্যতা এমন পর্যায়ে পৌঁছেছিলো যে লর্ডসের মাঠে ব্যক্তিগত হেলিকপ্টার নামাতে পারতেন তিনি। ইসিবির সঙ্গে ৫ বছরে ১০ কোটি ডলারের চুক্তিও করেছিলেন।
২০০৬ সালে নাইটহুড উপাধিও পেয়েছিলেন স্ট্যানফোর্ড। জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু হলে তার কাছ থেকে এই উপাধি কেড়ে নেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৪ঘ.
bdnews24