২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলকে বাড়তি সুবিধা দেবে না আইসিসি

ভবিষ্যত সফরসূচী পরিকল্পনা বা এফটিপিতে আইপিএলের জন্য সময় রাখার কথা ভাবনাতে নেই বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 04:50 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভবিষ্যত সফরসূচী পরিকল্পনা বা এফটিপিতে আইপিএলের জন্য সময় রাখার কথা ভাবনাতে নেই বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর থেকেই ক্রিকেটাররা সূচী নিয়ে ঝামেলায় পড়ছেন। প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের আইপিএল ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজের মধ্যে থেকে একটিকে বেছে নিতে হয়েছিলো। আগামী বছর ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তবু প্রায় দুই মাস দীর্ঘ আইপিএলের জন্য এফটিপিতে কোনো ফাঁক রাখবে না আইসিসি। এ প্রসঙ্গে লরগাত বলেন, “আইপিএলের জন্য এফটিপিতে ফাঁক রাখা খুবই বিপদজনক হবে।” “তাহলে বিগ ব্যাশের (অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট) জন্য আমরা কী করবো? শ্রীলঙ্কা এমন একটি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে, বাংলাদেশেরও এমন টুর্নামেন্ট আছে। তাদের ক্ষেত্রেই বা কী হবে,” যোগ করেন তিনি। লরগাত আরো বলেন, “অনেকেই আইপিএলকে বেশি গুরুত্ব দিতে চাইতে পারেন। কিন্তু একটি টুর্নামেন্টের জন্য জায়গা ফাঁকা রাখলে অন্যদেরও সেই সুযোগ দিতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪৭ঘ.