ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কোচ হিসেবে এটাই তার প্রথম ‘মিশন’। জিম্বাবুয়ে সফর নিয়ে তাই ভীষণ রোমাঞ্চিত রিচার্ড পাইবাস। এই সফরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানবিহীন বাংলাদেশ দলকে ভালোভাবে যাচাই করাই তার লক্ষ্য।
মঙ্গলবার রাত সাড়ে নয়টায় জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটোসেশনের জন্য বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসে জাতীয় দল। এ সময় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের শুভ কামনা জানান বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
এরপর জিম্বাবুয়ে সফরে প্রত্যাশা আর প্রস্তুতি নিয়ে কথা বলেন পাইবাস। তিনি জানান, “আমার সঙ্গে ক্রিকেটাররা মাত্র একদিন অনুশীলন করলেও তারা কিন্তু অনুশীলনের মধ্যেই ছিলো। অনেকে তো খেলার মধ্যে ছিলো, ঢাকা লিগে খেলছিলো।”
“দলের সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। গতকাল (সোমবার) আমরা ভালোভাবে অনুশীলন করেছি। দলের সবার মনোভাব জানি না, তবে আমি তো খুব রোমাঞ্চিত,” যোগ করেন তিনি।
অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, তার লক্ষ্য ফাইনালে খেলা। কিন্তু পাইবাস শিষ্যদের ওপরে কোনো চাপ দিতে চান না। তিনি বলেন, “আমি তাদের কোনো চাপ দিতে চাই না। এটা একটা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে। আমরাও এই সুযোগ নিতে চাই।”
“টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো তিন মাস বাকি। এই সময়ের মধ্যেই দলটাকে গুছিয়ে নিতে হবে। বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করার এখনই সুযোগ,” যোগ করেন পাইবাস।
একটানা খেলতে-খেলতে ক্লান্ত সাকিবের ছুটিকে স্বাগতই জানাচ্ছেন জাতীয় দলের কোচ। তিনি বলেন, “সাকিবের প্রতিভা সম্পর্কে আমরা সবাই জানি। তার অনুপস্থিতি অন্যদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ এনে দিয়েছে।”
“সাকিব দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ক্লান্তি কাটিয়ে তরতাজা হয়ে উঠতে এই ছুটি তার দরকার ছিল,” যোগ করেন পাইবাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫০ঘ.
bdnews24