ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুযোগের অপেক্ষায় আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান আনামুল হক বিজয়। জিম্বাবুয়ে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে ছুটির দিনে বাড়তি অনুশীলনে ঘাম ঝরালেন তিনি।
জাতীয় দলের ট্রেনার গ্রান্ট লুডেন আর ফিল্ডিং কোচ জেসন সুইফটের তত্ত্বাবধানে রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে অনুশীলন করেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, অলরাউন্ডার ফরহাদ রেজা ও আনামুল।
সাবেক অধিনায়ক আশরাফুল ও ফরহাদ দলে জায়গা ধরে রাখতে আরেকটি লড়াইয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন।
বিকল্প উইকেটরক্ষক আনামুলের জন্য ব্যাপারটা একটু আলাদা। অধিনায়বক-উইকেটরক্ষক মুশফিকুর রহিম আছেন দারুণ ছন্দে। খুব সহজে দলে জায়গা মিলবে না জানেন আনামুল। তবে কোনোভাবে যদি সুযোগ এসেই যায় সেটি যেন হাত ছাড়া না হয় সেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ছুটির দিনেও অনুশীলন কেন জানতে চাইলে আনামুল বলেন, “জাতীয় দলে খেলাই আমার মূল লক্ষ্য। দলে ডাক পাওয়ার পর থেকে অভিষেকের অপেক্ষায় আছি।”
“অভিষেক ম্যাচটা স্মরনীয় করে রাখতে নিজেকে প্রস্তুত রাখছি। এই সফরেই হয়তো অভিষেক হয়ে যেতে পারে,” যোগ করেন আশাবাদী আনামুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯০৮ ঘ.
bdnews24