ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিন পেরিয়ে যাওয়ার পর ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব নয়, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রানার্সআপ গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স।
শুক্রবার লিগ শেষে পয়েন্ট তালিকার দুই নম্বরে দেখানো হয়েছিলো প্রাইম ব্যাঙ্ককে। কিন্তু শনিবার এক সভা শেষে সিসিডিএম সদস্য সচিব কাজী আইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বাইলজ অনুযায়ী রানার্সআপ গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স।”
“তিন দলের পয়েন্ট সমান হওয়ায় আমাদের ঝামেলায় পড়তে হয়েছিলো। তবে বাইলজের ২৬ (গ) ধারা অনুযায়ী তৃতীয় হয়েছে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব,” যোগ করেন তিনি।
এ প্রসঙ্গে আইনুল ইসলাম বলেন, “তিন দলের পয়েন্ট সমান হওয়ায় বাইলজ অনুযায়ী সুপার লিগে মুখোমুখি লড়াইয়ে কার কয়টি জয় তা দেখতে হয়েছে সবার আগে। সুপার লিগে মুখোমুখি লড়াইয়ে ভিক্টোরিয়া দুটোতেই জিতেছে। গাজী ট্যাঙ্কের জয় একটিতে। আর দুই দলের কাছেই হেরে গেছে প্রাইম ব্যাঙ্ক। তাই তারা তৃতীয় হয়েছে।”
“সুপার লিগে মুখোমুখি লড়াইয়ে প্রত্যেক দল একটি করে জয় পেলে প্রথম পর্বকে বিবেচনা করা হতো। সেখানেও জয় সমান হলে নেট রান রেটে এগিয়ে থাকা দল অগ্রাধিকার পেতো,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৮ঘ.
bdnews24