২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিকার সমালোচনায় বিপিএল কর্তৃপক্ষ

বিপিএলের গভর্নিং কাউন্সিল বলছে, ফিকা যেভাবে ‘গায়ে পড়ে’ বিদেশি খেলোয়াড়দের বকেয়া পরিশোধের ব্যাপারে ‘হস্তক্ষেপ’ করছে তা মোটেও কাম্য নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) – বিদেশি খেলোয়াড়দের বকেয়া পরিশোধের ব্যাপারে হস্তক্ষেপ করায় ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন-ফিকার সমালোচনা করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল। নিয়মিত মাসিক সভা শেষে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বকেয়া পরিশোধ ও ফিকার তৎপরতা নিয়ে কথা বলেন গভর্নিং কাউন্সিলের সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু ও সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এক প্রশ্নের জবাবে আলমগীর বলেন, “ফিকা গায়ে পড়ে যেভাবে এ ব্যাপারে হস্তক্ষেপ করছে তা মোটেও কাম্য নয়। তারা আইসিসি বা কারোর স্বীকৃত সংস্থা নয়। তারা মোটেও ভালো কাজ করছে না। তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে।” “ওরা তাদের এজেন্ট ও অন্যান্য মাধ্যমে যেসব তথ্য দিয়েছে সেগুলোতে বেশ গড়মিল আছে। তাই তারা যা করছে তাতে আমরা মোটেও শঙ্কিত নই,” যোগ করেন তিনি। লিপু বলেন, “এ ব্যাপারে তারা সরাসরি বিসিবি সভাপতির সঙ্গে যোগাযোগ করেছে। এটা মোটেও আকাক্সিক্ষত নয়।” “আমরা বকেয়া পরিশোধের ব্যাপারটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আয়কর কেটে রাখার পর বিদেশি খেলোয়াড়দের সব মিলিয়ে পাওনা প্রায় ২৭ লাখ ডলার। এর মধ্যে ২৪ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। বকেয়া আছে ৩ লাখ ডলারের মতো। অথচ ফিকার বক্তব্যে মনে হচ্ছে ৮০ শতাংশই বোধহয় পাওনা,” যোগ করেন তিনি। লিপু জানান, “বিদেশি খেলোয়াড়দের বকেয়া পরিশোধের ব্যাপারে আমরা দ্বি-পাক্ষিকভাবে তথ্য নিয়েছি। এছাড়া এখন থেকে প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করা হবে। বকেয়ার ব্যাপারে তাদের কাছ থেকে তথ্য নিয়ে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।” দেশি খেলোয়াড়দের পাওনার তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছেন লিপু। এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে তথ্য নেয়া হবে। এছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদেরও পরামর্শ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কোন্-কোন্ ফ্র্যাঞ্চাইজির কাছে পাওনা রয়েছে জানতে চাইলে লিপু বলেন, “একাধিক ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এ ব্যাপারে দাপ্তরিক কাজ চলছে। তাদের কারণেই অল্প কিছু টাকার জন্য আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামালকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।” “আমরা সবার সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছি। কোনো কিছুই গোপন করছি না। আগেও বলেছি, কোনো ফ্র্যাঞ্চাইজি পাওনা পরিশোধে ব্যর্থ হলে প্রয়োজনে বোর্ড তাদের দায়িত্ব নেবে। এটা শুধু মুখের কথা নয়। প্রয়োজন হলে বোর্ড সেই দায়ভার বহন করবে,” যোগ করেন লিপু। এ পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে গভর্নিং কাউন্সিল সতর্ক বলে জানিয়েছেন লিপু। তিনি বলেন, “ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি না থাকায় প্রথমবার অনেক সমস্যা হয়েছে। আশা করি নির্ঝঞ্ঝাট ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আগামী সপ্তাহ থেকে চুক্তি স্বাক্ষর শুরু করতে পারবো। এবার নিলামের আগেই গ্যারান্টি ফি হিসেবে তাদের কাছ থেকে ১০ লাখ ডলার জমা রাখা হবে।” লিপু আরো জানান, “এনবিআর-এর সঙ্গে আয়করের ব্যাপারে কথা হয়েছে। তারা বলেছে ২৫ তারিখের মধ্যে খেলোয়াড়দের আয়কর পরিশোধ করতে। এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা যত দ্রুত সম্ভব অর্থ পরিশোধের প্রতিশ্র“তি দিয়েছে।” বিপিএলের দ্বিতীয় আসর আগামী জানুয়ারীর মাঝামাঝি শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন লিপু। আগামীবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামসহ কয়েকটি নতুন ভেন্যু যোগ হওয়ার আভাসও দিয়েছেন তিনি। শনিবারের সভায় উপস্থিত ছিলেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের অন্য দুই সদস্য দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও জালাল ইউনুস। ছিলেন গভর্নিং কাউন্সিলের আইন পরামর্শক ব্যারিস্টার শামসুল হাসানও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫২ঘ.