২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের সঙ্গে পাইবাসের পরিচয়

প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ হওয়ার পর সময় নষ্ট করেননি রিচার্ড পাইবাস। শনিবারই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে পরিচয়পর্ব সেরে নিয়েছেন বাংলাদেশের নতুন কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ হওয়ার পর সময় নষ্ট করেননি রিচার্ড পাইবাস। শনিবারই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে পরিচয়পর্ব সেরে নিয়েছেন বাংলাদেশের নতুন কোচ। বাংলাদেশের মাটিতে পা রাখার পর সপ্তাহ খানেক কেটে গেলেও জাতীয় দলের সব ক্রিকেটারকে নিয়ে অনুশীলন শুরু করতে পারেননি পাইবাস। ১২ জুন জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেয়ার আগে তার হাতে সময়ও তেমন নেই। তবু শনিবার অনুশীলন না করে ক্রিকেটারদের সঙ্গে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত আলোচনা ও মত বিনিময় করলেন তিনি। দুই বছর পর বাংলাদেশের ক্রিকেটকে কোথায় দেখতে চান, সে সম্পর্কে জানালেন পাইবাস। ক্রিকেটারদের কাছ থেকে তাদের লক্ষ্যের কথাও শুনলেন। সেই সঙ্গে দায়িত্ব নিয়ে খেলার তাগিদও দিলেন তিনি। পাইবাসকে কোচ হিসেবে পেয়ে ক্রিকেটাররা খুশি। জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানালেন, “নতুন কোচের সঙ্গে এমন একটি সেশন খুব দরকার ছিল। দীর্ঘ দিন এক সঙ্গে কাজ করার জন্য আনুষ্ঠানিক পরিচিতিটা ভীষণ জরুরি।” “আমাদের সম্পর্কে তার তেমন ভালো ধারণা নেই। তাই ক্রিকেটারদের তিনি বলেছেন নিজেদের পরিচয় দিতে। তিনিও তার কাজের বিভিন্ন দিক নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন,” যোগ করেন এই অলরাউন্ডার। সহ-অধিনায়কের সঙ্গে সুর মিলিয়ে প্রতিক্রিয়া জানালেন জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য মোহাম্মদ আশরাফুল, উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং নবাগত আনামুল হক। শনিবারই প্রথম ক্যাম্পে যোগ দেয়া আশরাফুল বলেন, “নতুন কোচ আসার পর সব সময়ই এরকম একটি সেশন থাকে। এটার ভীষণ দরকার।” “আজকে (শনিবার) আমরা সবাই তার সঙ্গে ব্যক্তিগত আলোচনা করেছি। এতে সবাই উপকৃত হবে,” যোগ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তামিম বলেন, “ক্রিকেটারদের সঙ্গে কোচের পরিচিতির বিষয়টি সব সময়ই গুরুত্বপূর্ণ। তিনি আমাদের যা-যা বলেছেন সে সব মাঠে করে দেখাতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৪ঘ.