ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আট বছর পর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতলো ভিক্টোরিয়া। শুক্রবার প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে হারানোর সুবাদে তাদের এই অর্জন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই প্রথম লিগ শিরোপার মধুর স্বাদ পেলেন।
লিগ শেষে ভিক্টোরিয়া, প্রাইম ব্যাঙ্ক, গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স তিন দলেরই সংগ্রহ ২২ পয়েন্ট। কিন্তু মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতায় শেষ হাসি ১৯৭৪-৭৫, ২০০২-০৩ ও ২০০৩-০৪ মৌসুমের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার। গাজী ট্যাঙ্কের চেয়ে নেট রান রেটে অনেক এগিয়ে থাকায় রানার্স আপ হয়েছে প্রাইম ব্যাঙ্ক।
শিরোপা জিততে মরিয়া ছিলেন ভিক্টোরিয়ার অধিনায়ক সাকিব। লক্ষ্য পূরণ হওয়ার পর বললেন, “এটা অন্য রকম এক অনুভূতি। জীবনের প্রথম লিগ শিরোপা। তাই খুবই ভালো লাগছে।”
“আমাদের জয়ের নায়ক সৈকত আলী। তবে তামিমও খুব ভাল ব্যাট করেছে। সে ভালো সূচনা এনে দিয়েছে,” যোগ করেন তিনি।
প্রাইম ব্যাঙ্কের অভিজ্ঞতা ঠিক বিপরীত। শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যেতো তারা। কিন্তু গাজী ট্যাঙ্ক ও ভিক্টোরিয়ার কাছে হেরে রানার্স আপের সম্মান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
প্রাইম ব্যাঙ্কের কোচ খালেদ মাহমুদ সুজন তাই মর্মাহত। খেলা শেষে তিনি বলেন, “২৩৮ রান কম নয়। কিন্তু আমাদের ফিল্ডিং খুব খারাপ হয়েছে। কয়েকটি নিশ্চিত রান আউট আর সহজ স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেছি। অতিরিক্ত খাতেও অনেক রান দিয়েছি আমরা।”
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৮ রান করে প্রাইম ব্যাঙ্ক। জবাবে ৪৯ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবালের (৫৭) সঙ্গে সৈকত আলীর ৮৪ রানের উদ্বোধনী জুটি ভিক্টোরিয়াকে ভালো সূচনা এনে দেয়। কিন্তু তামিমের বিদায়ের পর জহুরুল ইসলাম (১) ও সাকিব (৪) দ্রুত আউট হয়ে গেলে অস্বস্তিতে পড়ে যায় তারা।
এরপর চতুর্থ উইকেটে সাব্বির রুম্মনের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন সৈকত (৭১)। সৈকতের ৯৯ বলের ইনিংসে ৫টি চার ও একটি ছক্কা।
পঞ্চম উইকেটে সৌম্য সরকারের (২৬) সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে ভিক্টোরিয়াকে জয়ের কাছাকাছি নিয়ে যান সাব্বির (৪০)। দলীয় ২০২ রানে সাব্বিরের বিদায়ের পর আরো তিন উইকেট হারালেও মোশারফ হোসেনের অপরাজিত ১১ রানের সুবাদে শিরোপা নিশ্চিত হয় ভিক্টোরিয়ার।
এর আগে ব্যাট করতে নেমে ৯২ রানে ৫ উইকেট হারানো প্রাইম ব্যাঙ্ককে লড়াইয়ে ফেরায় ষষ্ঠ উইকেটে উদয় কাউলের (৬৫) সঙ্গে রোয়েলফ মারউইর (৫৯) ৮৮ রানের জুটি। এরপর মোহাম্মদ শরীফের অপরাজিত ৩৩ রানের সুবাদে আড়াই শ’র কাছাকাছি যেতে পারে প্রাইম ব্যাঙ্ক।
৪২ রানে ২ উইকেট নেন ভিক্টোরিয়ার ভারতীয় বাঁহাতি স্পিনার ইকবাল আব্দুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৮ঘ.
bdnews24