ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অধিনায়ক নির্বাচন নিয়ে বেশ অসন্তুষ্ট মোহসিন খান। পাকিস্তানের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান, কোচ ও প্রধান নির্বাচকের মতে, মোহাম্মদ হাফিজের বদলে শহীদ আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করা উচিৎ ছিলো।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বেশ কিছু কৌশলগত ভুলের কারণে হেরে যায় পাকিস্তান। তারপরই হাফিজের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে।
অবশ্য পরের ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে পাকিস্তান। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মোহসিন খানের ভোট ঐ ম্যাচের সেরা খেলোয়াড় আফ্রিদির দিকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েক মাস আগে মিসবাহ-উল-হককে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।
পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকাকে মোহসিন বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের এতো কাছে এসে নেতৃত্ব থেকে মিসবাহকে সরানোর কোনো দরকারই ছিলো না। তাকে বাদ দেয়াটা অনিবার্য হয়ে পড়লে অভিজ্ঞতা বিবেচনায় অধিনায়ক হিসেবে শহীদ আফ্রিদি ছিলো সবচেয়ে যোগ্য।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২৩ঘ.
bdnews24