ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিরোপা জয়ীর জন্য শেষ দিনের অপেক্ষায় থাকতে হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগকে। মঙ্গলবার নাসির হোসেনের শতকের সুবাদে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ২০ রানে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে। আর ভিক্টোরিয়া ৬৬ রানে হেরে গেছে মোহামেডানের কাছে। পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দলের পরাজয়ে শিরোপা-লড়াই নিয়ে দারুণ উত্তেজনা।
হেরে গেলেও ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে প্রাইম ব্যাঙ্ক। ভিক্টোরিয়া ও গাজী ট্যাঙ্কের পয়েন্ট ২০।
মঙ্গলবারের আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গত বারের চ্যাম্পিয়ন আবাহনীকে।
শুক্রবার সুপার লিগের শেষ দিনে ফতুল্লায় প্রাইম ব্যাঙ্ক-ভিক্টোরিয়া ও বিকেএসপিতে গাজী ট্যাঙ্ক-শেখ জামালের ম্যাচ দুটোর ওপরেই নির্ভর করছে শিরোপা। বগুড়ায় আবাহনী-মোহামেডান লড়াই অবশ্য শুধুই মর্যাদার।
প্রাইম ব্যাঙ্ক-গাজী ট্যাঙ্ক
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫৯ রান করে গাজী ট্যাঙ্ক। জবাবে ৮ উইকেটে ২৩৯ রানে থেমে যায় প্রাইম ব্যাঙ্কের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে নুরুল হাসানের (১৪) সঙ্গে উদ্বোধনী জুটিতে ৩১ ও দ্বিতীয় উইকেটে উদয় কাউলের সঙ্গে ১০৫ রানের জুটি গড়ে প্রাইম ব্যাঙ্ককে ভালো সূচনা এনে দেন জিয়াউর রহমান। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে বিদায় নেয়ার আগে জিয়া করেন ৭৯ রান। তার ৯২ বলের ইনিংসে ৪টি চার ও ৭টি ছক্কা।
এরপর উদয়ও (৫১) বেশিক্ষণ টিকতে পারেননি। ১৮৩ রানে ৬ উইকেট হারানোর পর তানভীর হায়দারের (১৮) সঙ্গে ৫২ রানের জুটি গড়লেও দলকে জয় এনে দিতে পারেননি অধিনায়ক ফয়সাল হোসেন (অপরাজিত ৩৬)।
গাজী ট্যাঙ্কের হয়ে ৫৩ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের লেগস্পিনার দানিশ কানেরিয়া।
এর আগে ব্যাট করতে নেমে ৩৪ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে গাজী ট্যাঙ্ক। তবে তৃতীয় উইকেটে অলক কাপালীর (৭৬) সঙ্গে নাসিরের ১৫২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।
দলীয় ২২২ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন নাসির। ১০৮ বলে ৭টি চারের সাহায্যে ১০১ রান করেন তিনি। এরপর নাজমুল মিলনের অপরাজিত ৩৭ রানের সুবাদে লড়াই করার মতো সংগ্রহ গড়ে গাজী ট্যাঙ্ক।
ভিক্টোরিয়া-মোহামেডান
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১৩ রান করে মোহামেডান। জবাবে ৪১ ওভার ৩ বলে ১৪৭ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। লিগের প্রথম পর্বেও ভিক্টোরিয়াকে হারিয়েছিলো মোহামেডান।
লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নিলে ভীষণ বিপদে পড়ে যায় ভিক্টোরিয়া। এরপর জহুরুল ইসলামের (১৬) সঙ্গে ৪১ ও অধিনায়ক সাকিব আল হাসানের (১৬) সঙ্গে ৩১ রানের জুটি গড়েন সৌম্য সরকার (৩২)।
দলীয় ৭২ রানে সাকিবের বিদায়ের পর ৪ রানের ব্যবধানে সৌম্য, সাব্বির রুম্মন (০) ও ইকবাল আব্দুল্লাহ বিদায় নিলে ম্যাচ থেকে ছিটকে পড়ে ভিক্টোরিয়া। শরীফউল্লাহ ৪০ ও মোশারফ হোসেন ১৮ রান করলেও দলকে লক্ষ্যের কাছাকাছিও পৌঁছে দিতে পারেননি।
৩৩ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার চাতুরা পেইরিস মোহামেডানের সেরা বোলার।
এর আগে রাসেল আল মামুনের (২২) সঙ্গে ইমরুল কায়েসের (৪৫) ৭১ রানের উদ্বোধনী জুটি মোহামেডানকে দারুণ সূচনা এনে দেয়। তবে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় তারা।
এরপর অধিনায়ক নাঈম ইসলাম (২৮), পেইরিস (২৯) এবং নূর হোসেন মুন্নার (অপরাজিত ৪৯) তিনটি দায়িত্বশীল ইনিংসের সুবাদে দু শ’ পেরোয় মোহামেডান।
৪৮ রানে ৩ উইকেট নিয়ে সাকিব ভিক্টোরিয়ার সেরা বোলার।
আবাহনী-শেখ জামাল
বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে অলআউট হওয়ার আগে ২৫১ রান করে শেখ জামাল। জবাবে ৩৭ ওভার ৪ বলে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় আবাহনী। সুপার লিগে এটি আবাহনীর চতুর্থ হার।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আবাহনী। মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেন। সর্বোচ্চ ২৬ রান আসে অধিনায়ক ফরহাদ হোসেনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান ফরহাদ রেজার।
শেখ জামালের পক্ষে ২২ রানে ৩ উইকেট নেন মাহমুদুল হাসান।
এর আগে ৩৫ রানে ৩ উইকেট হারানো শেখ জামালকে বিপদ থেকে উদ্ধার করেন অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল (৭০)। চতুর্থ উইকেটে ১৫৫ রানের জুটি গড়েন দুজনে।
দলীয় ২০৩ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৯০ রান করেন মুশফিক। জাতীয় দলের অধিনায়কের ৯৪ বলের ইনিংসে ৬টি চার ও দুটি ছক্কা।
৪৬ রানে ৪ উইকেট নেন আবাহনীর আবুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৯ঘ.
bdnews24