ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছরই একটি ওয়ানডে খেলতে পাকিস্তান ভারত সফরে যেতে পারে বলে জানিয়েছেন পিসিবি সভাপতি জাকা আশরাফ। তবে সফরের সম্ভাব্য সময় সম্পর্কে কিছু বলেননি তিনি।
পাকিস্তানের দৈনিক ‘ডন’কে আশরাফ বলেন, “আমার ভারত সফর সফল হয়েছে এবং ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ শিগগিরই শুরু হবে।”
“দুই দেশের বোর্ডের মধ্যে আমরা সুসম্পর্ক গড়ে তুলতে চাই,” যোগ করেন তিনি।
গত মাসে আইপিএলের ফাইনাল দেখতে চেন্নাইয়ে গিয়ে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে সভা করেন আশরাফ।
তিনি বলেন, “দুই দলের ব্যস্ত সূচীর কারনে এ বছর দ্বি-পাক্ষিক সিরিজ সম্ভব নয়।”
“তবে আশা করি এই মাসেই (জুনে) দুই দেশের মধ্যে একটি ওয়ানডের তারিখ আমরা ঘোষণা করতে পারবো। ম্যাচটি ভারতে হবে,” যোগ করেন পিসিবি সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২২ঘ.
bdnews24