২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ভিক্টোরিয়া-গাজী ট্যাঙ্কের গুরুত্বপূর্ণ লড়াই

শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভিক্টোরিয়া ও গাজী ট্যাঙ্ক। ১৮ পয়েন্ট করে নিয়ে দুদল আছে লিগের দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভিক্টোরিয়া ও গাজী ট্যাঙ্ক। ১৮ পয়েন্ট করে নিয়ে দুদল আছে লিগের দ্বিতীয় ও তৃতীয় স্থানে। বিকেএসপিতে দিনের আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লড়বে শিরোপা-দৌড় থেকে ছিটকে পড়া মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রায় দুই মাস বন্ধ থাকার পর শুরু হওয়া লিগের শিরোপা-লড়াই মূলত প্রাইম ব্যাঙ্ক, গাজী ট্যাঙ্ক ও ভিক্টোরিয়ার মধ্যেই সীমাবদ্ধ। সুপার লিগের শেষ তিন পর্বে তিন দলই মুখোমুখি হবে নিজেদের মধ্যে। অন্যদিকে মোহামেডান-শেখ জামালের মতো আবাহনীর শিরোপা-স্বপ্নও শেষই বলা যায়। শুক্রবার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করেন ভিক্টোরিয়ার খেলোয়াড়রা। তাদের প্রতিপক্ষ গাজী ট্যাঙ্কের কোচ করিম জুয়েল বলেন, “দীর্ঘ দিন ক্রিকেটাররা মাঠের বাইরে থাকলেও আমাদের দলের তেমন কোনো সমস্যা নেই। কালকের (শনিবার) ম্যাচের জন্য আমরা প্রস্তুত।” আবাহনীর বিপক্ষে প্রাইম ব্যাঙ্কের ম্যাচটিও খুব গুরুত্বপূর্ণ। পরের দুই ম্যাচে গাজী ট্যাঙ্ক ও ভিক্টোরিয়ার বিপক্ষে খেলতে হবে প্রাইম ব্যাঙ্ককে। শীর্ষস্থান অক্ষুন্ন রাখতে প্রাইম ব্যাঙ্ককে জিততেই হবে আবাহনীর বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৮ঘ.