ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুরুতে আদালতে যাওয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত খেলতে রাজি হয়েছে ভিক্টোরিয়া। বিসিবির সূচী অনুযায়ী বৃহস্পতিবার ফতুল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী ও ভিক্টোরিয়ার খেলা দিয়ে দুই মাসেও বেশি সময় পরে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে।
বুধবার রাতে ভিক্টোরিয়ার সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ কাজলের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা দুই বিদেশী খেলোয়াড় লক্ষ্মীরতন শুক্লা ও ইকবাল আব্দুল্লাহর নিবন্ধন করাতে চাই। তাদের নিবন্ধন করা না গেলে কালকের (বৃহস্পতিবার) ম্যাচ খেলবো না।”
শুক্লার নিবন্ধন না হলেও বাঁ-হাতি স্পিনার আব্দুল্লাহকে নিবন্ধন করায় ভিক্টোরিয়া এবং খেলতে রাজি হয়।
বিতর্কিত নিবন্ধনের কারণে ভিক্টোরিয়ার হয়ে খেলতে পারবেন না পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তার বিকল্প হিসেবে শুক্লার নিবন্ধনের অনুমতি চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছিলো ভিক্টোরিয়া। তবে সুপার লিগের অন্য পাঁচ দলের সঙ্গে আলোচনার পর বিসিবি ভিক্টোরিয়াকে জানায়, ইউসুফের বিকল্প হিসেবে কাউকে নিবন্ধন করাতে পারবে না তারা।
এ প্রসঙ্গে কাজল বলেন, “ইউসুফের নিবন্ধন বাতিল হয়ে গেছে। তার বিকল্প হিসেবে একজনের নিবন্ধন তো করানোই যায়। কিন্তু সে সুযোগ আমাদের দেয়া হচ্ছে না।”
এ ব্যাপারে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, “সবার সম্মতিতেই লিগ শুরু করার সিদ্ধান্ত হয়েছিলো। সে সময় তারা (ভিক্টোরিয়া) এ ব্যাপারে কোনো কথা বলেনি। এখন তারা না খেলার সিদ্ধান্ত নিলে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”
অন্যদিকে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম তিয়াশ জানান, “ভিক্টোরিয়া নতুন এক জনের নিবন্ধন করাতে পারে। তবে ইউসুফের বিকল্প হিসেবে নতুন কারোর নিবন্ধন করানোর সুযোগ নেই।”
এদিকে আবাহনীর ব্যবস্থাপক শেখ মাসুদ ইকবাল মামুন জানিয়েছেন, ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নামতে তারা প্রস্তুত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২০ঘ.
bdnews24