ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন রিচার্ড পাইবাস।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিসিবির মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, “দুই বছরের জন্য বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন রিচার্ড পাইবাস। জুনের প্রথম সপ্তাহ থেকে তিনি দায়িত্ব নেবেন।”
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের দুই বারের কোচ পাইবাসই ছিলেন বিসিবির প্রথম পছন্দ। এ মাসের দ্বিতীয় সপ্তাহে সাক্ষাতকার দিতে দু’দিনের অনুষ্ঠানিক সফরে বাংলাদেশে আসেন তিনি। ওই সফরের পর কোচ হওয়ার প্রস্তাব দেওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করে পাইবাস সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছিল বিসিবি।
দুই সপ্তাহের বেশি সময় পরে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছেন পাইবাস। ফলে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার আগেই প্রধান কোচ পাচ্ছে জাতীয় দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৮ জুন থেকে দক্ষিণ আফ্রিকা নিয়ে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ।
টাইগারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন পাইবাস। বিসিবির কাছে পাঠানো প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি বাংলাদেশের কোচ হতে পারে আনন্দিত। ছেলেদের সঙ্গে কাজ শুরু করার অপেক্ষায় আছি।”
“আমাদের সামনে রয়েছে ব্যস্ত সফরসূচি। আগামী কয়েক মাসে ক্রিকেটার আর কোচিং স্টাফদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কাজ করব আমি। লক্ষ্য থাকবে গত এশিয়া কাপের অগ্রগতি ধরে রাখা”, যোগ করেন তিনি।
পাইবাসকে কোচ করার প্রতিক্রিয়ায় জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম টুইটার বার্তায় বলেছেন, “রিচার্ড পাইবাস আমাদের পরবর্তী কোচ। ... আশা করি তিনি আমাদের সহায়তা নিয়ে দেশের জন্য বিশেষ অবদান রাখবেন।”
১৯৬৪ সালের ৫ জুলাই ইংল্যান্ডের নিউক্যাসেলে জন্ম নেওয়া পাইবাস দুবার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছেন। দেড় যুগ আগে মহিন্দর অমরনাথকে দিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে বিদেশি কোচের যে যাত্রা শুরু হয়েছে, তার নবম যাত্রী পাইবাস।
ক্রিকেটার হিসেবে উল্লেখজনক কোনো সাফল্য নেই পাইবাসের। ইনজুরির কারণে খেলা বাদ দিয়ে কোচ হিসেবে ক্যারিয়ার গড়ায় মনযোগী হন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০০১ এবং ২০০৩ সালে দুই দফায় পাকিস্তানের কোচ ছিলেন তিনি। এরপর বর্ডার, মিডলসেক্স আর টাইটানসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৪৩৫ ঘ.
bdnews24