২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগে পাকিস্তানের প্রথম দল শিয়ালকোট

চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে অংশ নেয়ার অনুমোদন পেয়েছে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন শিয়ালকোট স্ট্যালিয়ন্স। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় শিয়ালকোটই হবে পাকিস্তানের প্রথম দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে অংশ নেয়ার অনুমোদন পেয়েছে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন শিয়ালকোট স্ট্যালিয়ন্স। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় শিয়ালকোটই হবে পাকিস্তানের প্রথম দল। ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বি-পাক্ষিক ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি হচ্ছে একটু-একটু করে। গত ১২ মে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যনির্বাহী কমিটি চ্যাম্পিয়ন্স লিগে পাকিস্তানের একটি দলকে খেলার অনুমোদন দেয়। সেই সিদ্ধান্তের পর চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির গভর্নিং কাউন্সিলের অনুমোদন ছিল নিছক আনুষ্ঠানিকতা মাত্র। বিসিসিআই অবশ্য এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে দিয়েছিল গভর্নিং কাউন্সিলের হাতেই। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক ভেঙ্গে যায়। প্রথম আসরের পর আইপিএলে পাকিস্তানের ক্রিকেটাররা খেলার সুযোগ পাননি। তবে পাকিস্তানের একটি দল চ্যাম্পিয়নস লিগে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় আগামী আইপিএলে পাকিস্তানী ক্রিকেটারদের খেলার সম্ভাবনাও জোরালো। ভারত ছাড়া চ্যাম্পিয়নস লিগের গভর্নিং কাউন্সিলের অন্য দুই সদস্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৩ঘ.