ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুব শিগগিরি ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজের ব্যাপারে দারুণ আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এন. শ্রীনিবাসনের সঙ্গে প্রায় এক ঘন্টা দীর্ঘ সভা শেষে ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় লড়াইটির বাস্তবায়ন নিয়ে আশা প্রকাশ করেছেন তিনি।
বিসিসিআইয়ের আমন্ত্রণে চেন্নাইয়ে আইপিএলের ফাইনাল দেখতে গেছেন আশরাফ। সেখানেই দুই দেশের বোর্ড সভাপতির মধ্যে আলোচনা হয়।
আলোচনা শেষে ‘মেইল টুডে’ পত্রিকাকে আশরাফ বলেন, “আমরা নানা বিষয়ে কথা বলেছি। আশা করি আগামী দুই-এক মাসের মধ্যে (দ্বি-পাক্ষিক সিরিজ নিয়ে) ইতিবাচক কিছু ঘটবে।”
“আমার মনে হয় দু দেশের চিন্তা-ভাবনায় পরিবর্তন এসেছে আর সম্পর্কের বরফ গলতেও শুরু করেছে,” যোগ করেন তিনি।
২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তান সিরিজ বন্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৭ঘ.
bdnews24