২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাধ্য হয়েই মরকেলকে বাদ দিয়েছিলেন সিমনস

দলের সমন্বয় ঠিক রাখতেই নাকি মরনে মরকেলকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের কোচ এরিক সিমনস। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বাঁচা-মরার ওই লড়াইয়ে ৮৬ রানে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের এই ব্যাখ্যাই দিয়েছেন সিমনস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 06:38 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের সমন্বয় ঠিক রাখতেই নাকি মরনে মরকেলকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের কোচ এরিক সিমনস। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বাঁচা-মরার ওই লড়াইয়ে ৮৬ রানে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের এই ব্যাখ্যাই দিয়েছেন সিমনস। ২৫ উইকেট নিয়ে আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী মরকেল। শুক্রবার দ্বিতীয় কোলিফায়ার ম্যাচে মরকেলকে বাদ দিয়ে আন্দ্রে রাসেলকে খেলিয়েছিলো দিল্লি। ইরফান পাঠানের চোটের কারনেই দলে ওই সমন্বয়হীনতার সৃষ্টি হয়েছিলো বলে জানান সিমনস। তিনি বলেন,“ইরফান আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। তাকে হারানোর কারণেই সঠিক সমন্বয় খোঁজার প্রয়োজন পড়েছিলো। আমরা এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলেছি। আমরা কি আন্দ্রে রাসেলকে দলে আনবো, নাকি ছয় ব্যাটসম্যান নিয়ে খেলবো? এ ধরনের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এবং এখানে অন্ধের মতো বিচার করতে হয়।” “সে (রাসেল) চার ওভার বল করে ৩০ রান দিয়েছে, ব্যাট হাতে ১৬ রান করার পাশাপাশি একটি ক্যাচও ধরেছে। সে ভালোভাবেই তার কাজ করেছে। আইপিএলের মূল বিষয় হচ্ছে দলের সঠিক সমন্বয় খুঁজে বের করা। ইরফানের বদলে রাসেলকে খেলানে সঠিক সিদ্ধান্ত ছিলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এজন্য আমাদের মরকেলকে হারাতে হয়েছে,” যোগ করেন তিনি। আইপিএলের নিয়মানুযায়ী এক ম্যাচে সর্বোচ্চ চারজন বিদেশী খেলোয়াড় মাঠে নামাতে পারবে দলগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২০২ ঘ.