২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই অধিনায়কের শতকের দিনে এগিয়ে ইংল্যান্ড

দুই অধিনায়কের শতকের দিনটিকে নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ১১১ রানে পিছিয়ে থাকলেও চালকের আসনে রয়েছে স্বাগতিকরাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 06:03 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই অধিনায়কের শতকের দিনটিকে নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ১১১ রানে পিছিয়ে থাকলেও চালকের আসনে রয়েছে স্বাগতিকরাই। অ্যান্ড্রু স্ট্রাউস ১০২ ও কেভিন পিটারসেন ৭২ রানে ব্যাট করছেন। তৃতীয় উইকেটে এ পর্যন্ত ১৩৬ রানের জুটি গড়েছেন তারা। এর ফাঁকে ২১তম টেস্ট শতক তুলে নিয়েছেন স্ট্রাউস। এর আগে প্রথম টেস্টেও শতক পান তিনি। স্ট্রাউসের ১০২ বলের ইনিংসটি ১৮ টি চারে সাজানো। সে তুলনায় এক দিনের মেজাজে খেলে চলেছেন পিটারসেন। তার ১০০ বলের ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কেমার রোচের ‘নো’ বলের কারণে দুবার জীবন পান স্বাগতিক দলের উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। স্ট্রাউসের সঙ্গে ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়ে রবি রামপলের বলে দীনেশ রামদিনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে কুক করেন ২৪ রান। দ্বিতীয় উইকেটে জোনাথন ট্রটের (৩৫) সঙ্গে ৮০ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন স্ট্রাউস। রামপলের বলে এলডব্লিউর ফাঁদে পড়ে দলীয় ১২৩ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন ট্রট। ৪২ রানে ২ উইকেট নিয়ে রামপল ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। এর আগে ৬ উইকেটে ৩০৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ১৬৮ রানের জুটিকে এ দিন ২০৪ পর্যন্ত নিয়ে যান স্যামি ও মারলন স্যামুয়েলস। দলীয় ৩৪০ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে স্যামি (১০৬) নিজের প্রথম টেস্ট শতক আদায় করে নেন। স্যামির ১৫৬ বলের ইনিংসটি ১৭ টি চার ও ১ টি ছক্কায় সাজানো। ১ রান পরেই আগের তিন শতক পাওয়া স্যামুয়েলস অধিনায়ককে অনুসরণ করলে বড় একটা ধাক্কা খায় অতিথিরা। শেষ পর্যন্ত শেন শিলিংফোর্ডের ১৬ রানে সুবাদে সাড়ে তিনশ পেরোয় দলটি। ১০৪ রানে ৪ উইকেট নিয়ে টিম ব্রেসন্যান ইংল্যান্ডের সেরা বোলার। লর্ডস টেস্ট জিতে ৩ ম্যাচে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৩৭০ (বারাথ ০, পাওয়েল ৩৩, কার্ক ৭, ব্রাভো ৩, চন্দরপল ৪৬, স্যামুয়েলস ১১৭, রামদিন ১, স্যামি ১০৬, কেমার রোচ ৭, শিলিংফোর্ড ১৬, রামপল ৬*; ব্রেসন্যান ৪/১০৪, সোয়ান ২/৬২, অ্যান্ডারসন ২/৭৩, ব্রড ২/৮১) ইংল্যান্ড: ২৫৯/২ (স্ট্রাউস ১০২*, কুক ২৪, ট্রট ৩৫, পিটারসেন ৭২*; রামপল ২/৪২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫২ ঘ.