ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মারলন স্যামুয়েলস ও অধিনায়ক ড্যারেন স্যামির ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে প্রথম ইনিংসে অতিথিদের সংগ্রহ ৬ উইকেটে ৩০৪ রান।
স্যামুয়েলস ১০৭ ও স্যামি ৮৮ রানে ব্যাট করছেন। সপ্তম উইকেটে এ পর্যন্ত ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। ১৩৬ রানে ৬ উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়া অতিথিদের খাদের কিনারা থেকে টেনে তুলেন এ দুজন।
এটি স্যামুয়েলসের তৃতীয় টেস্ট শতক। তার ২২৫ বলের ইনিংসটি ১৫টি চারে সাজানো। সে তুলনায় বেশ আক্রমণাত্মক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। স্যামির ১২১ বলের ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কা।
নটিংহামের ট্রেন্টব্রিজে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান কাইরন পাওয়েলের ৩৩ রানের পরও ৬৩ রানেই সাজঘরে ফিরে আসেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম চার ব্যাটসম্যান।
পঞ্চম উইকেটে শিবনারায়ণ চন্দরপলের (৪৬) সঙ্গে স্যামুয়েলসের ৬২ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। গ্রায়াম সোয়ানের বলে দলীয় ১২৫ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে চন্দরপল বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় অতিথিরা। এর পর উইকেটরক্ষক দীনেশ রামদিনের (১) দ্রুত বিদায় দলের বিপদ আরো বাড়ায়।
ইংল্যান্ডের পক্ষে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড দুটি করে উইকেট নেন।
লর্ডস টেস্ট জিতে ৩ ম্যাচে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩০৪/৬ (বারাথ ০, পাওয়েল ৩৩, কার্ক ৭, ব্রাভো ৩, চন্দরপল ৪৬, স্যামুয়েলস ১০৭*, রামদিন ১, স্যামি ৮৮*; অ্যান্ডারসন ২/৫৮, ব্রড ২/৫৯, সোয়ান ১/৬২, ব্রেসন্যান ১/৮৩)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪২ ঘ.
bdnews24