ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্টুয়ার্ট ল বিদায় নেয়ার পর জাতীয় দল এখন কোচবিহীন। তবে কোচ ছাড়া ক্যাম্প শুরু হলেও বাংলাদেশের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আগামী মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে রোববার থেকে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। এখনো নতুন কোচ পায়নি বিসিবি। অর্ন্তবর্তীকালীন কোচ শেন জুর্গেনসেনও এখনো ক্যাম্পে যোগ দেননি।
তবে হাবিবুলের বিশ্বাস, এর ফলে দলের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না। তিনি বলেন, “ফিটনেস ক্যাম্পে প্রধান কোচের খুব বেশি কাজ নেই। তাছাড়া সহকারী কোচরা এক বছর ধরে দলের সঙ্গে আছেন। আশা করি কোনো সমস্যা হবে না।”
পেসারদের চোট প্রবণতা একটু বেশি হওয়ায় ক্যাম্পে আট জন পেসার রাখা হয়েছে। এ প্রসঙ্গে হাবিবুল বলেন, “জাতীয় দলের পেসারদের চোট সমস্যা থাকায় আমরা পাইপ লাইনে আরো বেশি পেসার তৈরি করে রাখতে চেয়েছি। ভবিষ্যতের ভাবনা থেকেই ক্যাম্পে আট পেসার নেয়া হয়েছে।”
২০০৭ সালের পর এই প্রথম ক্যাম্পে ডাক পেলেন জিয়াউর রহমান। এতদিন পেসার হিসেবে খেললেও এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ওল্ড ডিওএইচএসের হয়ে তার ভূমিকা ছিলো উদ্বোধনী ব্যাটসম্যান।
তবে এই জায়গায় তামিম ইকবাল, ইমরুল কায়েস, নাজিমউদ্দিনদের কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে তাকে। জিয়া অবশ্য জানিয়েছেন, সুযোগ পেলে যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত।
তিনি বলেন, “সুযোগ পেলে আমি যে কোনো জায়গায় খেলতে রাজি আছি। অনেকদিন পরে ক্যাম্পে ডাক পেয়েছি। আশা করি সুযোগ পেলে ভালো করবো।”
পেসার আলাউদ্দিন বাবু অবশ্য মনে করেন প্রাথমিক দল থেকে মূল দলে জায়গা পাওয়া খুবই কঠিন । তিনি বলেন, “আট জন পেসারের মধ্যে তীব্র লড়াই হবে। জিম্বাবুয়ে সফরের দলে পেসারের সংখ্যা বেশি হওয়ার কথা। তাই আমি সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৬ঘ.
bdnews24