২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচ খেলে ফেলেছেন গিলক্রিস্ট

দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৬ উইকেটে হারা ম্যাচ দিয়েই খেলোয়াড়ী জীবনের ইতি টেনেছেন কিংস ইলিভেন পাঞ্জাব অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ৬ উইকেটে হারা ম্যাচ দিয়েই খেলোয়াড়ী জীবনের ইতি টেনেছেন কিংস ইলিভেন পাঞ্জাব অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া গিলক্রিস্ট ২০০৯ সালে আইপিএল চ্যাম্পিয়ন ডেকান চার্জার্সকে নেতৃত্ব দেন। পরে ২০১১ সালে যোগ দেন পাঞ্জাবে। ধর্মশালায় শনিবার দিল্লির কাছে হারের পর গিলক্রিস্ট বলেছেন, এটাই ছিল তার শেষ ম্যাচ। পাঞ্জাব থেকে প্রস্তাব পেলে পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব নিতে চান তিনি। এ বছর দলের অধিনায়ক ও পরামর্শকের দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি বলেন, “এই মাত্র আমার শেষ ম্যাচটা খেললাম। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলার আগে ভাবার জন্য আমার একটু সময় প্রয়োজন। কোচ হিসেবে আমাকে দলের সঙ্গে যুক্ত রাখতে চাইলে আমার জন্য তা খুব উপভোগ্য হবে। সত্যি বলতে কী ক্রিকেটকে আর আমি ততটা ‘মিস’ করবো না।” হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে চলতি আসরে প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন গিলক্রিস্ট। “প্লে-অফে খেলতে না পারা আমাদের জন্য খুব হতাশাজনক। তবে তারপরও বেশ কয়েকটি ইতিবাচক ব্যাপার ছিল। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটার মানদীপ সিং, গুরকীরাত সিং, পারভিন্দর আওয়ানাদের উঠে আসা। তারা ভালো খেলেছেন এবং পরবর্তী পর্যায়ে উত্তরণের জন্য তাদের আরো শেখার, উন্নতি করার ও মানিয়ে নেয়ার সুযোগ রয়েছে,” যোগ করেন গিলক্রিস্ট। আইপিএলে ৬৭ ম্যাচে দুুটি শতক ও দশটি অর্ধশতকসহ ২৭.৭৩ গড়ে ১৭৭৫ রান করেছেন গিলক্রিস্ট। স্ট্রাইক রেট ১৪০.২০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৩০ ঘ.