ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ক্লাব ক্রিকেট লিগে বড় জয় পেয়েছে বিকেএসপি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপি ২০০ রানে হারিয়েছে ঢাকা নর্দার্ন ওমেন্স ক্রিকেট ক্লাবকে আর শেখ জামালের কাছে ৮ উইকেটে হেরেছে ইন্দিরা রোড ক্রীড়া চক্র।
বিকেএসপি-ঢাকা নর্দার্ন
বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৪৭ রান করে বিকেএসপি। সর্বোচ্চ ৯১ রান করেন অধিনায়ক শারমীন। তার ১০৬ বলের ইনিংসে ৮টি চার। দ্বিতীয় সর্বোচ্চ ৮০ রান আসে ফারজানার ব্যাট থেকে। তার ৮১ বলের ইনিংসটি ১০টি চারে সাজানো।
জবাবে ২৭ ওভারেই ৪৭ রানে অলআউট হয়ে যায় ঢাকা নর্দার্ন। ঢাকা নর্দার্নের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন হালিমা আক্তার। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেন নি।
৭ রানে ৪ উইকেট নিয়ে বিকেএসপির সেরা বোলার ডলি রানী।
শেখ জামাল-ইন্দিরা রোড
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩৫ ওভার ১ বলে ৫৯ রানে অলআউট হয়ে যায় ইন্দিরা রোড। সর্বোচ্চ ১৩ রান আসে জান্নাতুল ফেরদৌসীর ব্যাট থেকে। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেন নি।
১৯ রানে ৫ উইকেট নিয়ে সান্দামালি শেখ জামালের সেরা বোলার।
জবাবে আয়েশা আক্তারের ২৩ ও পান্না ঘোষের অপরাজিত ২২ রানের সুবাদে ১১ ওভার ২ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।
ইন্দিরা রোডের কিরণ ২৭ রানে নেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭২০ ঘ.
bdnews24