ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্বাসরুদ্ধকর ম্যাচে ডেকান চার্জার্সকে ৪ উইকেটে হারিয়ে দারুণ জয় পেয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। ১৩ খেলায় এটি পাঞ্জাবের সপ্তম জয় অন্য দিকে ১৪ খেলায় ডেকানের একাদশ হার।
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯০ রান করে ডেকান। জবাবে শেষ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।
লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের শুরুটা মোটেও ভালো হয়নি। ৫৬ রানেই সাজঘরের পথ প্রথম তিন ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে আজহার মেহমুদের (৩১) সঙ্গে অধিনায়ক ডেভিড হাসির ৪৪ রানের জুটির সুবাদে প্রাথমিক সামাল দেয় পাঞ্জাব।
দলীয় ১০০ রানে মেহমুদের বিদায়ের পর পঞ্চম উইকেটে সিদ্ধার্থ চিতনিসের (১১) সঙ্গে ৪২ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন হাসি। এর পরও খেলায় চালকের আসনে ছিল ডেকান। কিন্তু সপ্তম উইকেটে ৩ ওভার ২ বলে গুরকীরাত সিংয়ের (২৯*) সঙ্গে হাসির ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটির সুবাদে শেষ হাসি স্বাগতিকদের।
ম্যাচ শেষে ৬৫ রানে অপরাজিত থাকেন হাসি। তার ৩৫ বলের ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কা।
ডেকানের পক্ষে ডেল স্টেইন ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান দুটি করে উইকেট নেন।
এর আগে পার্থিব প্যাটেলের (১৮) সঙ্গে শিখর ধাওয়ানের ৪৭ রানের উদ্বোধনী জুটির সুবাদে ভালো সূচনা করে ডেকান। অধিনায়ক কুমার সাঙ্গাকারা (১) দ্রুত বিদায় নিলেও তৃতীয় উইকেটে ধাওয়ানের (৭১) সঙ্গে ক্যামেরন হোয়াইটের ৯৬ রানের জুটি অতিথিদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ধাওয়ানের ৫০ বলের ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা।
চতুর্থ উইকেটে ক্রিস্টিয়ানের (২৪) সঙ্গে হোয়াইটের ৪৪ রানের জুটি ডেকানের স্কোর নিয়ে যায় দুশ রানের কাছাকাছি। শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থাকেন হোয়াইট। তার ৪১ বলের ইনিংসটি ৮টি চার ও ১টি ছক্কায় সাজানো।
পাঞ্জাবের পক্ষে মেহমুদ ৩৯ রানে ২ উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০২১ ঘ.
bdnews24