২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চান্দিলার হ্যাটট্রিকে রাজস্থানের সহজ জয়

অজিত চান্দিলার হ্যাটট্রিকের সুবাদে পুনে ওয়ারিয়র্সকে ৪৫ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ১৪ খেলায় এটি রাজস্থানের সপ্তম জয় অন্য দিকে ১৫ খেলায় পুনের একাদশ হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অজিত চান্দিলার হ্যাটট্রিকের সুবাদে পুনে ওয়ারিয়র্সকে ৪৫ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ১৪ খেলায় এটি রাজস্থানের সপ্তম জয় অন্য দিকে ১৫ খেলায় পুনের একাদশ হার। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে অজিঙ্কিয়া রাহানে ও শেন ওয়াটসনের অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৭০ রান করে রাজস্থান। জবাবে ৯ উইকেটে ১২৫ রানেই থেমে যায় পুনের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে পুনের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে জেসি রাইডার (১) ও সৌরভ গাঙ্গুলীকে (২) বিদায় করে দিয়ে রাজস্থানকে দারুণ শুরু এনে দেন চান্দিলা। পরের ওভারের প্রথম বলেই রবিন উথাপ্পাকে (৬) ফিরিয়ে দিয়ে আসরের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করার সঙ্গে সঙ্গে পুনেকে ধ্বংস্তুপে পরিণত করেন চান্দিলা। এর পর দলীয় ২৬ রানে ফিরতি ক্যাচ নিয়ে অনুস্তুপ মজুমদারকেও বিদায় করেন তিনি। শেষ পর্যন্ত স্টিভেন স্মিথের ৩৭ এবং ক্যালাম ফার্গুসন ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ২৩ রানের দুটি ইনিংসের সুবাদে একশ পেরোয় পুনে। ১৩ রানে ৪ উইকেট নিয়ে চান্দিলাই রাজস্থানের সেরা বোলার। এর আগে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের (২১) সঙ্গে রাহানের ২৯ রানের উদ্বোধনী জুটির সুবাদে রাজস্থানের শুরুটা ভালো হয়। দ্বিতীয় উইকেটে ওয়াটসনের (৫৮) সঙ্গে ৯৪ রানের জুটিই রাজস্থাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ওয়াটসনের ৩১ বলের ইনিংসটি ৬টি চার ও ৪টি ছক্কায় সাজানো। দলীয় ১৬২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে রাহানে করেন ৬১ রান। তার ৪৭ বলের ইনিংসে ৭টি চার। পুনের পক্ষে আশীষ নেহরা ২৩ রানে নেন ৩ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০১৪ ঘ.