ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ডেভিড রিচার্ডসন। আগামী মাসে স্বদেশী হারুন লরগাতের স্থলাভিষিক্ত হবেন তিনি।
নিয়োগটা পেয়ে ৫২ বছর বয়সী রিচার্ডসন দারুণ খুশি। এক বিবৃতিতে তিনি বলেন, “আইসিসির প্রধান নির্বাহী পদে মনোনীত হওয়া খুবই সম্মানজনক। এই সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আমাকে বেছে নেয়ায় আইসিসিকে ধন্যবাদ জানাচ্ছি।”
১০ বছর ধরে আইসিসির মহা-ব্যবস্থাপকের দায়িত্ব পালন কাজ করছেন ৪২টি টেস্ট ও ১২২টি ওয়ানডে খেলা রিচার্ডসন। ২০০৮ সালেও প্রধান নির্বাহী পদে আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেবার নির্বাচিত হন লরগাত।
রিচার্ডসন হতে যাচ্ছেন আইসিসির চতুর্থ প্রধান নির্বাহী। লরগাতের আগে দুই অস্ট্রেলীয় ডেভিড রিচার্ডস (১৯৯৩-২০০১) ও ম্যালকম স্পিড (২০০১-২০০৮) এই দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪০ ঘ.
bdnews24