ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেভিড ওয়ার্নারের ঝড়ো শতক সহজ জয় এনে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলসকে। বৃহস্পতিবার ডেকান চার্জার্সকে ৯ উইকেটে হারিয়ে আইপিএলের শীর্ষস্থানও ফিরে পেয়েছে বীরেন্দর শেবাগের দল।
১২ ম্যাচ থেকে দিল্লির সংগ্রহ ১৮ পয়েন্ট। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে কলকাতা নাইট রাইডার্সের অবস্থান দ্বিতীয়। ১৩ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে ডেকান যথারীতি সবার নিচে।
বৃহস্পতিবার অবশ্য নিজেদের ইনিংস শেষে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলো ডেকান। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান (৪৯ বলে ৮৪) ও ক্যামেরন হোয়াইটের (৪০ বলে ৬৫) দুটো আক্রমণাত্মক অর্ধশতক ৪ উইকেটে ১৮৭ রানের ভালো সংগ্রহ এনে দেয় স্বাগতিকদের।
তবে ওয়ার্নার-ঝড়ে উড়ে গেছে সব কিছুই। ইনিংসের দ্বিতীয় বলে অধিনায়ক শেবাগকে (৪) হারালেও ম্যাচ সেরা ওয়ার্নারের জন্যই ২০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছাতে একটুও সমস্যা হয়নি দিল্লির।
মাত্র ৫৪ বলে ১০টি চার ও ৭টি ছক্কায় ওয়ার্নারের অবদান অপরাজিত ১০৯ রান। তার সঙ্গে অবিচ্ছিন্ন ১৮৯ রানের জুটি গড়া নামান ওঝা ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত থেকে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩০ ঘ.
bdnews24