ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমার সাঙ্গাকারা ও ক্যামেরন হোয়াইটের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে মঙ্গলবার পুনে ওয়ারিয়র্সকে ১৩ রানে হারিয়েছে ডেকান চার্জার্স। এটি ডেকানের দ্বিতীয় জয়, পুনের ষষ্ঠ হার।
৯ খেলায় ৫ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নীচে ডেকান চার্জার্স। ১০ খেলায় ৮ পয়েন্ট পাওয়া পুনে আছে সাত নম্বরে।
কটকে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উদ্বোধনী ব্যাটসম্যান পার্থিব প্যাটেলকে হারায় ডেকান। দলীয় ২৩ রানে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানও (১৩) বিদায় নিলে চাপে পড়ে যায় তারা। তবে হোয়াইট ও সাঙ্গাকারা মিলে ওই চাপ সামাল দিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান।
বিশেষ করে পুনে ওয়ারিয়র্সের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর করা ১৮তম ওভারে হোয়াইট ২৫ ও আশীষ নেহরার করা ১৯তম ওভারে সাঙ্গাকারা ২৪ রান তুলে নিলে ৪ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ গড়ে ডেকান চার্জার্স।
১০ চার ও ২ ছক্কায় ৫২ বলে ৮২ রান করেন ম্যাচ সেরা সাঙ্গাকারা। ৪৫ বলে ৭৪ রান করার পথে ৪টি ছক্কা ও ৪টি চার মারেন হোয়াইট।
জবাবে শুরুটা ভালো হয়নি পুনেরও। প্রথম বলেই মনিশ পান্ডে বিদায় নেন। এই ম্যাচ দিয়ে পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএল অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের। ক্লার্ক ৪১ (৩১ বলে) ও গাঙ্গুলী ৪৫ (৪০ বলে) করলেও রান তোলার গতি কম থাকায় পুনের ওপর চাপ বাড়তে থাকে।
শেষ দিকে স্টেভেন স্মিথ (২৭ বলে অপরাজিত ৪৭) ও রবিন উথাপ্পা (১৮ বলে ২৬) চেষ্টা করলেও ম্যাচ জয়ের জন্য তা যথেষ্ঠ ছিলো না। ৫ উইকেটে ১৭৩ রানে থেমে যায় পুনে ওয়ারিয়র্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩০ ঘ.
bdnews24