ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন জন রাইট। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
হোয়াইট বলেন, “জন (রাইট) দীর্ঘ সময় ধরে নিউজিল্যান্ডের ক্রিকেটের জন্য অনেক ভালো কাজ করেছেন। তার মতো যোগ্য ব্যক্তিকে হারানো সত্যিই ভীষণ হতাশাজনক।”
২০১০ সালের শেষ দিকে নিউজিল্যান্ডের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন দেশটির সাবেক অধিনায়ক রাইট। এনজেডসি’র পক্ষ থেকে তাকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু রাইট তা ফিরিয়ে দেন।
৫৭ বছর বয়সী এই কোচ এক বিবৃতিতে বলেন, “চুক্তির মেয়াদ বৃদ্ধির প্রস্তাবকে আমি স্বাগত জানিয়েছিলাম। কিন্তু পরে অনেক চিন্তা-ভাবনা করে মনে হলো সরে দাঁড়ানোর এবং অন্য সুযোগ গ্রহণের এটাই সঠিক সময়।”
রাইটের এই সিদ্ধান্ত মেনে নিয়ে দ্রুতই নতুন কোচ খুঁজে বের করতে চান জানিয়ে হোয়াইট বলেন, “আমরা প্রধান কোচের পদে তাকে (জন রাইট) ধরে রাখতে চেয়ে ছিলাম। যা হোক, তার সিদ্ধান্তের কারণ আমরা বুঝতে পেরেছি এবং সম্মান জানাচ্ছি।”
“গুরুত্বপূর্ণ এই পদে যত দ্রুত সম্ভব অন্য কাউকে নিয়োগ দিতে চাই। যদিও জানি যোগ্য ব্যক্তি খুঁজে বের করতে আমাদের কিছুদিন সময় লাগবে। আমরা এমন কাউকে চাই যিনি ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব নিতে সক্ষম হবেন,” যোগ করেন হোয়াইট।
রাইটের অধীনেই ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। এছাড়া ডিসেম্বরে হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়াকে হারায় তারা। ১৯৮৫ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে ওটাই ছিলো নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুইটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ৩০ জুন প্রথম টি-টেয়েন্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৫৯ ঘ.
bdnews24