২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকানকে হারিয়ে তৃতীয় স্থানে মুম্বাই

ডেকান চার্জার্সকে ৫ উইকেটে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 06:14 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেকান চার্জার্সকে ৫ উইকেটে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নবম ম্যাচে পঞ্চম জয়ের সুবাদে মুম্বাইয়ের পয়েন্ট ১০। অন্যদিকে অষ্টম ম্যাচে ষষ্ঠ হারের তেতো স্বাদ পাওয়া ডেকানের মাত্র ৩ পয়েন্ট। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা ডেকান চার্জার্সের শুরুটা ভালোই হয়েছিলো। তবে পার্থিব প্যাটেল (১৯) ও শিখর ধাওয়ানের (২৯) ৩৭ রানের উদ্বোধনী জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পয়েন্ট টেবিলে সবচেয়ে নিচে থাকা দলটি। প্যাটেল-ধাওয়ানের বিদায়ের পর জেপি ডুমিনি (অপরাজিত ২৫) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। তাই ১৮ ওভার ৪ বলে মাত্র ১০০ রানেই অলআউট ডেকান চার্জার্স। ১৬ রানে ৪ উইকেট নিয়ে ডেকানের সবচেয়ে বেশি সর্বনাশ করেছেন লাসিথ মালিঙ্গা। হরভজন সিং ও জেমস ফ্র্যাঙ্কলিনের দুটো করে উইকেট। ১০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা একদমই ভালো হয়নি। ডেল স্টেইনের করা ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে যান রিচার্ড লেভি। শচীন টেন্ডুলকারও (১৪) আবার ব্যর্থ। তবে রোহিত শর্মার (৪২) দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। রোহিতের বিদায়ের পর ফ্র্যাঙ্কলিন (১৩) ও আম্বাতি রাইডুর (অপরাজিত ১৯) দায়িত্বশীল ব্যাটিং ১১ বল হাতে রেখেই জয় এনে দেয় মুম্বাইকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০১৩ ঘ.