ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সের দায়িত্বশীল ব্যাটিংয়ে কিংস ইলিভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৬ খেলায় এটি ব্যাঙ্গালোরের তৃতীয় জয় অন্য দিকে সমান খেলায় পাঞ্জাবের চতুর্থ হার।
মোহালির পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে শুক্রবারের একমাত্র খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৩ রান করে কিংস ইলিভেন পাঞ্জাব। জবাবে গেইল ও ডি ভিলিয়ার্সের অর্ধশতকের সুবাদে ১৯ ওভার ৩ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
লক্ষ্য তাড়া করতে নেমে অতিথিদের শুরুটা মোটেও ভালো হয়নি। পারভিন্দর আওয়ানার মারাত্মক বোলিংয়ে ২৫ রানেই সাজঘরের পথ ধরেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তিন ব্যাটসম্যান।
সেখান েেক তৃতীয় উইকেটে গেইল ও ডি ভিলিয়ার্সের ১৩১ রানের জুটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়ের ভিত গড়ে দেয়। ১৮ তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে গেইলকে (৮৭) ডেভিড হাসির ক্যাচ বানিয়ে নিজের চর্তু উইকেট নেন আওয়ানা। গেইল তার ৫৬ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ৪টি ছক্কা দিয়ে।
পরের ওভারেই গেইলকে অনুসরণ করেন ডি ভিলিয়ার্স (৫২)। তার ৩৯ বলের ইনিংসে ৬টি চার। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।
৩৪ রানে ৪ উইকেট নিয়ে আওয়ানাই পাঞ্জাবের সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ২৭ রানেই স্বাগতিকদের দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে বিদায় করেন জহির খান। তৃতীয় উইকেটে শন মার্শের (২৬) সঙ্গে ৩০ ও চতুর্থ উইকেটে ডেভিড মিলারের (৮) সঙ্গে ৩৭ রানের ছোট কিন্তু কার্যকরী জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন অতিথি দলনায়ক হাসি।
দলীয় ১০৫ রানে হার্শেল প্যাটেলের বলে বোল্ড হয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে ৪১ রান করেন হাসি। সেখান থেকে ষষ্ঠ উইকেটে মানদীপ সিংয়ের (২০) সঙ্গে আজহার মেহমুদের ৪৫ রানের জুটির সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে কিংস ইলিভেন পাঞ্জাব। মেহমুদ অপরাজিত থাকেন ৩৩ রানে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে ২টি করে উইকেট নেন জহির ও ম্যাকডোনাল্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৪ ঘ.
bdnews24