ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের দুই সেশনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে। তার পরও দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হাতে রেখে ১২৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।
বুধবার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৭৩ রান করে চতুর্থ দিন শেষ করে অস্ট্রেলিয়া। অধিনায়ক মাইকেল ক্লার্ক ৩ ও রিকি পন্টিং ৩২ রানে ব্যাট করছেন।
৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ১১ তম ওভারের দ্বিতীয় ওভারে ডেভিড ওয়ার্নার (১৭) ও শেন ওয়াটসনকে (০) বিদায় করে দিয়ে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে সাফল্য এনে দেন কেমার রোচ।
এর পর বৃষ্টি শুরু হলে এক ঘন্টারও বেশি সময় খেলা বন্ধ থাকে। মধ্যাহ্ন বিরতির পর পরই এড কাওয়ানকে (২০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের তৃতীয় উইকেট নেন রোচ। দ্বিতীয় সেশনে মোটে ১০ ওভার খেলা হয়। এর পর আবারো বৃষ্টি হলে আর মাঠে খেলা গড়ায়নি।
এর আগে ৯ উইকেটে ২৫২ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৫ রান যোগ করার পর কার্লটন বাফকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে স্বাগতিকদের ব্যবধান কমানো স্বপ্ন ভেঙ্গে দেন মাইকেল বীয়ার।
তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩১১ ও ৭৩/৩ (কাওয়ান ২০, ওয়ার্নার ১৭, ওয়াটসন ০, পন্টিং ৩২*, ক্লার্ক ৩; রোচ ৩/২৭)
ওয়েস্ট ইন্ডিজ: ২৫৭ (বারাথ ৭, ব্র্যাথওয়েইট ০, পাওয়েল ১৯, ব্রাভো ৩৮, চন্দরপল ৯৪, দেওনারায়ণ ৫৫, বাফ ২১, স্যামি ১, শিলিংটফোর্ড ৪, রোচ ০, ফিদেল ০*; লিয়ন ৫/৬৮, বীয়ার ২/৫৬, হাসি ১/১৯, হিলফেনহস ১/৩৯, প্যাটিনসন ১/৪০)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৮১৯ ঘ.
bdnews24