২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার ধীর গতির ব্যাটিং

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফ্রাঙ্ক ওরেল ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২০৮ রান করেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফ্রাঙ্ক ওরেল ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২০৮ রান করেছে অস্ট্রেলিয়া। মাইক হাসি ২৬ ও ম্যাথু ওয়েড ১১ রানে ব্যাট করছেন। পঞ্চম উইকেটে এ পর্যন্ত তারা ৩০ রানের জুটি গড়েছেন। চা বিরতির পর পর দুই সেট ব্যাটসম্যান সাজঘরের পথ ধরলেও শেষ ঘন্টা এ দুজন কোনো ক্ষতি ছাড়াই কাটিয়ে দেন। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে রোববার টস জিতে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও এড কাওয়ান অতিথিদের সতর্ক সূচনা এনে দেন। লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর বদলে খেলতে নামা শেন শিলিংফোর্ডের বলে ড্যারেন স্যামির হাতে ক্যাচ দিয়ে ওয়ার্নার (২৯) সাজঘরে ফিরলে ৫৩ রানে ভাঙ্গে উদ্বোধনী জুটি। এর পর বেশিক্ষণ টেকেন নি কাওয়ানও (২৮)। কেমার রোচের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে তিনি ওয়ার্নারকে অনুসরণ করলে মধ্যাহ্ন বিরতির আগেই সাজঘরে ফিরে আসে দুই উদ্বোধনী ব্যাটসম্যান। মধ্যাহ্ন বিরতির পর আবারো আঘাত হানেন রোচ। এবার স্যামির ক্যাচ বানিয়ে রিকি পন্টিংকে (৭) ফিরিয়ে দেন রোচ। চতুর্থ উইকেটে অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে শেন ওয়াটসনের ৮৪ রানের জুটির সুবাদে ধাক্কা সামাল দেয় অতিথিরা। চা বিরতির পর পরই ক্লার্ককে (৪৫) শিলিংফোর্ডের ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়াকে একটা বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অর্ধশতকের পর পরই ক্লার্ককে অনুসরণ করেন ওয়াটসনও। শিলিংফোর্ডের বলে অ্যাড্রিয়ান বারাথকে ক্যাচ দেয়ার আগে ১৭২ বলে ৭টি চারের সাহায্যে ৫৬ রান করেন ওয়াটসন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নেন শিলিংফোর্ড ও রোচ। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ২০৮/৫ (ওয়ার্নার ২৯, কাওয়ান ২৮, ওয়াটসন ৫৬, পন্টিং ৭, ক্লার্ক ৪৫, হাসি ২৬*, ওয়েড ১১*; শিলিংফোর্ড ২/৫৬, রোচ ২/৭৭, দেওনারায়ণ ১/২৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯২২ ঘ.